২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিউজিল্যান্ড নয়, ভারতের প্রতিপক্ষ ঠাণ্ডা আর ঝড়ো বাতাস

নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনের স্থানীয় নাম 'ওয়েলিউড'। যার অর্থ 'উইন্ডি সিটি' বা বাতাসের শহর। এপ্রিলের শুরুতে ঝড়ো বাতাস ছাড়াও কনকনে ঠান্ডায় রীতিমতো জমে থাকে ওয়েলিংটনের চারপাশ। এমন বিরূপ কন্ডিশনেই বৃহস্পতিবার শেষ টেস্ট খেলতে নামছে ভারত। যে ম্যাচে ড্র করতে পারলেই ৪১ বছর পর নিউজিল্যান্ড থেকে টেস্ট সিরিজ জয়ের আনন্দ নিয়ে ফিরতে পারবে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2009, 01:46 PM

Updated : 26 Aug 2022, 11:16 AM

ওয়েলিংটন, ১ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনের স্থানীয় নাম 'ওয়েলিউড'। যার অর্থ 'উইন্ডি সিটি' বা বাতাসের শহর। এপ্রিলের শুরুতে ঝড়ো বাতাস ছাড়াও কনকনে ঠান্ডায় রীতিমতো জমে থাকে ওয়েলিংটনের চারপাশ। এমন বিরূপ কন্ডিশনেই বৃহস্পতিবার শেষ টেস্ট খেলতে নামছে ভারত। যে ম্যাচে ড্র করতে পারলেই ৪১ বছর পর নিউজিল্যান্ড থেকে টেস্ট সিরিজ জয়ের আনন্দ নিয়ে ফিরতে পারবে তারা। ওয়েলিংটনের টেস্ট ভেন্যু বেসিন রিজার্ভের অবস্থান ভিক্টোরিয়া ও কুক পাহাড়ের পাদদেশে। স্টেডিয়ামটার গ্যালারি তেমন উঁচু নয় এবং দর্শকদের বসার বেশিরভাগ অংশই ঘাস আচ্ছাদিত ঢালু জায়গা। এমনিতে ক্রিকেটের জন্য দারুণ সুন্দর মাঠ। কিন্তু সফরকারী দলগুলোর পক্ষে সেই সৌন্দর্য উপভোগ করা বেশ কঠিন। বিশেষ করে এই সময়টায়। প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ঠান্ডা আবহাওয়া তো আছেই, তার সঙ্গে সেখানকার দুরন্ত গতির বাতাস বিদেশী দলগুলোকে বিপদে ফেলে দেয় প্রায়ই। এপ্রিলের প্রথম দিকে ওয়েলিংটনে ঘন্টায় ৩০ কিলোমিটার গতির বাতাস প্রায় নিয়মিত ঘটনা। যেটা ভারতের সেরা স্পিনার হরভজন সিংয়ের দ্রুততম বলের এক-তৃতীয়াংশ গতির। এবং বেশির ভাগ পেসারের স্বাভাবিক বলের প্রায় ২৩ শতাংশ। অর্থাৎ এবারের নিউজিল্যান্ড সফরে সবচেয়ে কঠিন কন্ডিশনে শেষ ম্যাচটা খেলতে নামছে 'টিম ইন্ডিয়া'। কিউইদের দেশে আগের সফরে যাওয়া ক্রিকেটাররাও এমন কন্ডিশন নিয়ে দুশ্চিন্তায়। তাদের একজন বলেছেন ২০০২-০৩ মৌসুমে সর্বশেষ সফরের চেয়েও এবার ওয়েলিংটনে বেশি ঠান্ডা। আরেকজনের ধারণা ঠান্ডার সঙ্গে মানিয়ে নেয়া সম্ভব হলেও তীব্রগতির বাতাস ভারতের জন্য একটা বড় চ্যালেঞ্জ। গ্যারি কারস্টেন অবশ্য এই চ্যালেঞ্জের মোকাবিলা করতে প্রস্তুত। ভারতের দক্ষিণ আফ্রিকান কোচের বিশ্বাস এই কন্ডিশনে তার দলের বোলাররা ভালো করবেই, "ভারতের ক্রিকেটারদের জন্য এখানকার আবহাওয়া কিছুটা হলেও ঠান্ডা। তবে আমরা এর সঙ্গে ভালোভাবেই মানিয়ে নিয়েছি। ছেলেরা ম্যাচটার দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছে। তৃতীয় টেস্ট নিয়ে আমাদের দলে অনেক কথাবার্তা হয়েছে। (নেপিয়ারে দ্বিতীয় টেস্টে) ছেলেরা অনেকক্ষণ ব্যাট করায় আমরা বেশ ভালো বিশ্রাম পেয়েছি। তাই আমার মনে হয় বোলাররা এখানে নামার জন্য ভীষণ উন্মুখ হয়ে আছে।" তবে কারস্টেন যা-ই বলুন, বেশিরভাগ নিউজিল্যান্ডারই তার সঙ্গে একমত নন। তাদেরই একজন ব্রেন্ডন ম্যাককালাম কন্ডিশনের সুবিধা নিয়ে ভারতকে হারানোর স্বপ্ন দেখছেন, "আমাদেরই যদি এখানে ঠান্ডা লাগে তাহলে তো ভারতের জমে যাওয়ার কথা! আমি নিশ্চিত ওদের দৃষ্টিকোণ থেকে ওরা বাতাসের তীব্রতা কমার আর কড়া রোদের আশা করছে। কিন্তু এ ধরণের কন্ডিশনে (তীব্র বাতাস ও ঠান্ডা) ওদের পেলে আমাদের জন্য দুর্দান্ত ব্যাপার হবে। আমি নিশ্চিত এই কন্ডিশন ওদের চেয়ে আমাদের জন্য কিছুটা হলেও বেশি তৃপ্তিদায়ক হবেই।" ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৯৫০ঘ.