কেপটাউন, ২২ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১০৩ বলে অপরাজিত ১২৩ রান, ৫টা ছক্কা, ১১টা বাউন্ডারি --- পরিসংখ্যানেই পরিষ্কার দক্ষিণ আফ্রিকার বোলারদের ওপরে কী ভয়ঙ্কর তাণ্ডব চালিয়েছেন তিনি। কিন্তু মিচেল জনসনের প্রথম টেস্ট সেঞ্চুরিও ইনিংস পরাজয়ের লজ্জা থেকে বাঁচাতে পারেনি অস্ট্রেলিয়াকে। রোববার তৃতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস শেষ হয়েছে ৪২২ রানে। তাই ইনিংস ও ২০ রানের সান্ত্বনার জয় পেয়েছে আগেই সিরিজ হেরে যাওয়া প্রোটিয়ারা।
২ উইকেটে ১০২ রান নিয়ে দিন শুরু করা অস্ট্রেলিয়া ২১৮ রানে ৬ উইকেট হারিয়ে অনেক আগেই ইনিংস পরাজয়ের আশঙ্কায় পড়ে গিয়েছিল। কিন্তু সপ্তম উইকেটে অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডকে (৬৮) সঙ্গে নিয়ে ১৬৩ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়ে তোলেন জনসন। ১২৭ রানে ৬ উইকেট নেয়া পল হ্যারিস ম্যাকডোনাল্ডকে ফিরিয়ে ভেঙ্গেছেন জুটিটা। এরপর আর পেরে ওঠেনি অস্ট্রেলিয়া। ১৯৯৮ সালের কলকাতা টেস্টের পর টেস্টে এটাই তাদের প্রথম ইনিংস পরাজয়।
দুই ইনিংস মিলিয়ে ৬ উইকেট নেয়ার সুবাদে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন হ্যারিস। সিরিজ-সেরা নির্বাচিত হয়েছেন জনসন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২২১৫ঘ.
bdnews24