২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চন্দরপলের সেঞ্চুরিতে উইন্ডিজের জয়

কোচ জন ডাইসনের ভুল হিসাবের মাশুল দিয়ে প্রথম ওয়ানডেতে জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের সেই দুঃখ পরের ম্যাচেই অনেকখানি ভুলিয়ে দিয়েছেন শিবনারায়ণ চন্দরপল। রোববার তার অপরাজিত ১১২ রানের দারুণ এক ইনিংসের ওপরে ভর করে দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডকে ২১ রানে হারিয়েছে উইন্ডিজ। ইংল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসের সেঞ্চুরি বিফলে যাওয়ায় ৫ ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2009, 02:05 PM

Updated : 26 Aug 2022, 11:13 AM

জর্জটাউন, ২৩ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কোচ জন ডাইসনের ভুল হিসাবের মাশুল দিয়ে প্রথম ওয়ানডেতে জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের সেই দুঃখ পরের ম্যাচেই অনেকখানি ভুলিয়ে দিয়েছেন শিবনারায়ণ চন্দরপল। রোববার তার অপরাজিত ১১২ রানের দারুণ এক ইনিংসের ওপরে ভর করে দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডকে ২১ রানে হারিয়েছে উইন্ডিজ। ইংল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসের সেঞ্চুরি বিফলে যাওয়ায় ৫ ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা। প্রভিডেন্স স্টেডিয়ামে টস জয়ী স্বাগতিকদের শুরুটা কিন্তু ভালো হয়নি। ২৪ রানের মধ্যে তারা হারিয়ে ফেলেছে দুই ওপেনার ক্রিস গেইল ও লেন্ডল সিমন্সকে। তবে এরপর রামনরেশ সারওয়ানকে (৭৪) নিয়ে ১৩৩ রানের জুটি গড়ে ক্যারিবীয়দের ম্যাচে ফিরিয়েছেন চন্দরপল। সারওয়ানের বিদায়ের পর আর কারো কাছ থেকে তেমন সাহায্য পাননি তিনি। কিন্তু প্রায় একাই দলকে নিয়ে গেছেন ৮ উইকেটে ২৬৪ রানের স্বস্তিকর জায়গায়। নিজের মাঠে খেলতে নামা চন্দরপলের ১৩৪ বলের ইনিংসে বাউন্ডারি ১০টি। দশম সেঞ্চুরি ওয়ানডেতে ৮ হাজার রানের মাইলফলকেও পৌঁছে দিয়েছে তাকে। জবাব দিতে নেমে অধিনায়ক স্ট্রাউস ছাড়া ইংল্যান্ডের আর কেউ বলার মতো কিছু করতে পারেননি। ৩৬ রানের মধ্যে রবি বোপারা ও কেভিন পিটারসেনকে হারিয়ে বিপদে পড়ে যাওয়া ইংলিশরা শুরুর ধকল আর সামলে উঠতে পারেনি। স্ট্রাউস ওয়েইস শাহকে (২২) নিয়ে ৫০ এবং দিমিত্রি মাসকারেনহাসকে (২৯) নিয়ে ৫৯ রানের জুটি গড়লেও ক্রমেই বেড়ে যাচ্ছিল আস্কিং রানরেট। সেটাকে নাগালের মধ্যে আনার চেষ্টা করতে গিয়ে রানআউট হতে হয়েছে মাসকারেনহাস আর গ্যারেথ ব্যাটিকে। তারপরও লড়াই চালিয়ে যাচ্ছিলেন স্ট্রাউস। কিন্তু ১২৯ বলে ৭ বাউন্ডারিতে ১০৫ রান করা এই বাঁহাতি ওপেনারকে কিয়েরন পোলার্ড বোল্ড করার পর আর পেরে ওঠেনি ইংল্যান্ড, ১০ বল আগেই অলআউট হয়ে গেছে ২৪৩ রানে। দলের জয়ের ভিত গড়ে দেয়া সেঞ্চুরির সুবাদে ম্যাচ-সেরার পুরস্কার উঠেছে চন্দরপলের হাতে। সিরিজের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার, বার্বাডোজের ব্রিজটাউনে। সংক্ষিপ্ত স্কোর : ওয়েস্ট ইন্ডিজ : ৫০ ওভারে ২৬৪/৮ (গেইল ২০, সিমন্স ০, সারওয়ান ৭৪, চন্দরপল ১১২*, পোলার্ড ৮, ব্রাভো ১৯, রামদিন ১, স্যামি ১১, মিলার ০, এডওয়ার্ডস ৩*, অতিরিক্ত ১৬; ব্রড ০/৪৮, অ্যান্ডারসন ৩/৩৭, হার্মিসন ০/২৯, ব্যাটি ০/৩৮, মাসকারেনহাস ২/৫৩, কলিংউড ৩/৪৯, বোপারা ০/২) ইংল্যান্ড : ৪৮.২ ওভারে ২৪৩ (স্ট্রাউস ১০৫, বোপারা ১৪, পিটারসেন ১২, ওয়েইস ২২, কলিংউড ১, প্রায়র ২, মাসকারেনহাস ২৯, ব্রড ৩, ব্যাটি ৫, হার্মিসন ১৮*, অ্যান্ডারসন ৮, অতিরিক্ত ২৪; বেকার ১/৩১, এডওয়ার্ডস ১/৩১, ব্রাভো ২/৪০, স্যামি ১/৩৬, মিলার ১/৪২, পোলার্ড ২/৪৬, গেইল ০/৫) ফল : ওয়েস্ট ইন্ডিজ ২১ রানে জয়ী ম্যান অব দ্য ম্যাচ : শিবনারায়ণ চন্দরপল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৪৩৭ঘ.