২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিএল হবে দক্ষিণ আফ্রিকায়?

বিবেচনায় এখনো আছে দুটি দেশের নাম, তবে শেষ পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার ক্রিকেট লিগ আইপিএলের দ্বিতীয় আসরটি আয়োজনের দায়িত্ব সম্ভবত পেতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2009, 09:16 AM

Updated : 26 Aug 2022, 11:14 AM

মুম্বাই, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিবেচনায় এখনো আছে দুটি দেশের নাম, তবে শেষ পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার ক্রিকেট লিগ আইপিএলের দ্বিতীয় আসরটি আয়োজনের দায়িত্ব সম্ভবত পেতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। আইপিএল চেয়ারম্যান ললিত মোদির কথায় সে রকমই আভাস। ভারতের সাধারণ নির্বাচনের সঙ্গে এই টুর্নামেন্টের সময়সূচি মিলে যাওয়ায় সে দেশের সরকার নিরাপত্তার ব্যাপারে নিশ্চয়তা দিতে পারছে না। সে কারণে ভারতের এই ঘরোয়া ক্রিকেট লিগটি এবার ভারতের বাইরে আয়োজন করা হবে, রোববারই তা জানিয়ে দিয়েছে সে দেশের ক্রিকেট বোর্ড বিসিসিআই। সম্ভাব্য বিকল্প হিসেবে তখন থেকেই আলোচনায় আছে ইংল্যান্ড আর দক্ষিণ আফ্রিকার নাম। সোমবার বিসিসিআই সহ-সভাপতি মোদি ওই দুটি দেশ সফরে বেরিয়েছেন টুর্নামেন্ট আয়োজনের সম্ভাব্যতা খতিয়ে দেখতে। পরবর্তী ২৪ ঘন্টায় ওই দুটি দেশই সফর করবেন বলে জানিয়েছেন তিনি। তবে যাওয়ার আগে সিএনএন-আইবিএন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, নানা কারণে ইংল্যান্ডই প্রথম পছন্দ হলেও সেখানকার আবহাওয়ার কথা বিবেচনা করে দ্বিধায় পড়ছেন তারা। "ইংল্যান্ডকে নিয়ে আমাদের সবচেয়ে বড় দুশ্চিন্তা ওখানকার আবহাওয়া। ভারতের আট-নটি শহর থেকে ইংল্যান্ডের সরাসরি বিমান যোগাযোগের ব্যবস্থা আছে, সে দেশে প্রচুর দক্ষিণ এশীয় ক্রিকেট ভক্তও আছে। তাছাড়াও আসন্ন টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন উপলক্ষে ওদের মাঠগুলোও প্রস্তুত হয়েই আছে। কিন্তু মে মাসে বৃষ্টিতে যে কোনো ম্যাচ ভেসে যাওয়ার সম্ভাবনা শতকরা ৭০ ভাগ" - বলেছেন তিনি। এর পাশাপাশি আরেকটি বিষয়ের কথাও মাথায় রাখতে হচ্ছে আইপিএল আয়োজকদের। মে মাসেই বিখ্যাত লন্ডন ম্যারাথনের আয়োজন উপলক্ষে ভিড় থাকবে লন্ডনের হোটেলগুলোতেও। শুধু তা-ই নয়, ১০ এপ্রিল থেকে ২৪ মে'র যে সময়সূচি বদলানো যাচ্ছে না বলে ভারতের বাইরে আয়োজন করতে হচ্ছে এই টুর্নামেন্ট ওই সময়েই আবার ইংল্যান্ডে হবে এফএ কাপ ফুটবলের সেমিফাইনাল ও ফাইনাল, আর এর এক সপ্তাহ আগে শেষ হবে জি-২০ শীর্ষ সম্মেলন। তাই ইংলিশদেরও এ ব্যাপারে খুব একটা আগ্রহ নেই। অন্য দিকে দক্ষিণ আফ্রিকা এই সুযোগটা লুফে নিতে এক পায়ে খাড়া। এরই মধ্যে নাকি সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ হয়েছে আইপিএল কর্তৃপক্ষের, এবং তারা আশ্বাস পেয়েছেন এই টুর্নামেন্ট আয়োজনের জন্য প্রয়োজনে ১০ দিনের মধ্যে এক হাজারেরও বেশিজনকে ভিসা দিতে পারবে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার আরেকটি সুবিধা হলো সে দেশের সঙ্গে ভারতের সময়ের ব্যবধানটাও ইংল্যান্ডের তুলনায় কম। আইপিএল কর্তৃপক্ষ চায় ভারতীয় সময় বিকেল চারটায় খেলা শুরু করতে। ইংল্যান্ডে তখন সকাল সাড়ে এগারোটা, আর দক্ষিণ আফ্রিকায় দুপুর সাড়ে বারোটা। সব মিলিয়ে আই দক্ষিণ আফ্রিকার দিকেই ঝুঁকে আছে পাল্লাটা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৫০৩ ঘ.