২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধোনির দলের সামনে ইতিহাস গড়ার হাতছানি

ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব পারেননি। পারেননি ভারতের সফলতম টেস্ট অধিনায়ক সৌরভ গাঙ্গুলীও। তবে তারা ব্যর্থ হলেও নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জয়ের মধুর স্বাদ পেয়েছেন মহেন্দ্র সিং ধোনি। এখানেই থেমে না থেকে দীর্ঘ ৪১ বছর পর কিউইদের দেশে ভারতীয়দের টেস্ট সিরিজ জয়ের আনন্দে ভাসাতে দৃঢ়প্রতিজ্ঞ 'টিম ইন্ডিয়া'র অধিনায়ক। সেই লক্ষ্যে বৃহস্পতিবার নেপিয়ারের ম্যাকলিন পার্কে দ্বিতীয় টেস্ট খেলতে নামছে তার দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2009, 10:57 AM

Updated : 26 Aug 2022, 11:14 AM

নেপিয়ার, ২৫ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব পারেননি। পারেননি ভারতের সফলতম টেস্ট অধিনায়ক সৌরভ গাঙ্গুলীও। তবে তারা ব্যর্থ হলেও নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জয়ের মধুর স্বাদ পেয়েছেন মহেন্দ্র সিং ধোনি। এখানেই থেমে না থেকে দীর্ঘ ৪১ বছর পর কিউইদের দেশে ভারতীয়দের টেস্ট সিরিজ জয়ের আনন্দে ভাসাতে দৃঢ়প্রতিজ্ঞ 'টিম ইন্ডিয়া'র অধিনায়ক। সেই লক্ষ্যে বৃহস্পতিবার নেপিয়ারের ম্যাকলিন পার্কে দ্বিতীয় টেস্ট খেলতে নামছে তার দল। ওয়ানডে সিরিজে প্রতিপক্ষকে বিধ্বস্ত করা ভারত হ্যামিল্টনে প্রথম টেস্টেও জিতেছে অতি সহজে, এক দিন হাতে রেখে ১০ উইকেটে। নিউজিল্যান্ডে ১৯৭৬ সালের পর প্রথম টেস্ট জয়কে রাঙিয়ে তুলে শচীন টেন্ডুলকার পেয়েছেন ৪২তম সেঞ্চুরি। বোলাররাও প্রয়োজনীয় সময়ে জ্বলে উঠে দলকে এনে দিয়েছেন মূল্যবান উইকেট। কিউইদের চেয়ে কাগজে-কলমে অনেক এগিয়ে থাকা ভারত তাই দ্বিতীয় টেস্টের আগে দারুণ নির্ভার। এতটাই যে বুধবার অকল্যান্ড থেকে নেপিয়ারে পৌঁছে মাত্র একটা প্র্যাকটিস সেশনের সুযোগ পেলেও ধোনির কণ্ঠে আত্মবিশ্বাসের বিন্দুমাত্র অভাব নেই, "আমরা খুব ভালো একটা কঠিন (প্র্যাকটিস) সেশনের সুযোগ পেয়েছি। এবং আমরা ম্যাচের জন্য প্রস্তুত। আমরা প্রথম মাইলফলক অর্জন করেছি। এখন দ্বিতীয় আর তৃতীয় ম্যাচে একই ধরণের ক্রিকেট খেলা জরুরী।" আর তা করতে পারলেই ১৯৬৮ সালের পর নিউজিল্যান্ডের মাটিতে ভারতের প্রথম বারের মতো টেস্ট সিরিজ জয়ের উৎসবে মেতে ওঠা এক রকম নিশ্চিতই বলা যায়। ভারতের ঠিক বিপরীত অবস্থা কিউইদের। প্রথম টেস্টে স্বাগতিকরা ব্যাটিং-বোলিং-ফিল্ডিং প্রতিটি বিভাগেই প্রতিপক্ষের চেয়ে পিছিয়েছিল বড় ব্যবধানে। কিউই অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরিও ভারতের শ্রেষ্ঠত্ব মেনে নিয়ে বলছেন, "(প্রথম টেস্টে) আমরা হয়তো এক বা দুই সেশন ভালো খেলেছি। কিন্তু চার বা পাঁচ দিনের জন্য যথেষ্ট ভালো খেলতে পারিনি। ভালো দলগুলো ঠিক সেই কাজই করে থাকে। প্রথম টেস্টে ভারত খুবই ভালো খেলেছে। প্রত্যেক গুরুত্বপূর্ণ মুহূর্তেই তারা সাফল্য পেয়েছে।" সিরিজে সমতা ফেরানোর আশায় এই ম্যাচে অতিরিক্ত একজন স্পিনার নিতে পারে কিউইরা। সেক্ষেত্রে ফর্মে না থাকা পেসার কাইল মিলসের জায়গায় সুযোগ পেতে পারেন অফস্পিনার জিতান প্যাটেল। অন্যদিকে ভারতের প্রথম টেস্টের দল নিয়ে মাঠে নামার সম্ভাবনাই বেশি। ধোনির কথাতেও তেমনই ইঙ্গিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৬১২ঘ.