ঢাকা, ২৯ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- সাদা বল ও রঙ্গীন পোশাক, ওয়ানডে আর টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেটের এই অনুষঙ্গগুলো এবার টেস্ট ক্রিকেটেও দেখা যাওয়ার জোর সম্ভাবনা। কারণ টেস্ট ম্যাচটি যদি হয় দিবা-রাত্রির, তাহলে রাতের আকাশে লাল বল দেখাটা সমস্যাই। সমাধান তাই সাদা বল এবং সেক্ষেত্রে টেস্ট ক্রিকেটের চিরাচরিত সাদা ছেড়ে ক্রিকেটারদের শরীরে উঠবে বহুরঙ্গা কোনো পোশাক। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) এমন পরিকল্পনা আইসিসির অনুমোদন পেলে আগামী বছরের মে মাসে লর্ডসে হবে ইতিহাসের প্রথম দিবা-রাত্রির টেস্ট। আর সেই ইতিহাসের অংশ হয়ে যেতে পারেন মোহাম্মদ আশরাফুলরাও। বাংলাদেশের সঙ্গেই যে ওই টেস্ট খেলার পরিকল্পনা ইংল্যান্ডের।
সে দেশের 'দি সানডে টেলিগ্রাফ' পত্রিকা রোববার এ খবর জানিয়েছে। যদিও এই পরিকল্পনার কথা এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানায়নি ইসিবি। বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস তেমনই জানিয়েছেন, "আমরাও ইন্টারনেটে খবরটা পড়েছি। কিন্তু ইসিবির তরফ থেকে এখনো এধরনের কোনো প্রস্তাব আমাদের কাছে আসেনি।" আর প্রস্তাব আসলেও সেটাকে ভালো চোখে না দেখারই ইঙ্গিত তার কথায়, "বোঝাই যাচ্ছে দিবা-রাত্রির টেস্ট আয়োজনটা পরীক্ষামূলক। আর সেই পরীক্ষায় বাংলাদেশকে 'গিনিপিগ' বানাতে হবে কেন? দিবা-রাত্রির প্রথম টেস্ট ম্যাচটা তো তারা অস্ট্রেলিয়া কিংবা অন্য কোনো দলের বিপক্ষেও খেলার চিন্তা করতে পারে।" তাই বলে অবশ্য এখনই এধরনের পরিকল্পনা নাকচ করে দেওয়ার কথাও বলছেন না তিনি, "আগে তো প্রস্তাবটা আসুক। প্রস্তাবে সম্মতি আছে কী নেই, সেটা বোর্ডই ঠিক করবে।"
দিবা-রাত্রির টেস্ট ম্যাচের পরিকল্পনায় বিশুদ্ধবাদীরা বাদ সাধবেন, সেটাই স্বাভাবিক। এই যেমন সাবেক আম্পায়ার ডিকি বার্ড, "টেস্ট ম্যাচ সাদা পোশাক এবং দিনের বেলাতেই হওয়ার পক্ষে আমি।" ৩৪ বছর ধরে 'টেস্ট ম্যাচ স্পেশাল' নামের একটি অনুষ্ঠান প্রযোজনা করা পিটার বেক্সটারও বলেছেন, এধরনের পরিকল্পনা অনেক ক্রিকেট সমর্থককেই হতাশ করবে। কিন্তু দিবা-রাত্রির টেস্ট আয়োজনে সায় দেওয়ার লোকেরও অভাব নেই। খোদ ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সমর্থনও আছে তাতে। সংস্থার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড মনে করেন, টোয়েন্টি টোয়েন্টির ক্রমবর্ধমান জনপ্রিয়তার মুখে টিকে থাকতে হলে দিবা-রাত্রির টেস্ট আয়োজনই সম্ভাব্য সেরা পথ।
কৃত্রিম আলোয় টেস্ট আয়োজন করে দর্শক উপস্থিতি বাড়ানোটা মূল লক্ষ্য ইসিবিরও। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের মে মাসের শেষদিকে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজের প্রথমটা লর্ডসে প্রতিদিন দুপুর আড়াইটায় শুরু হয়ে শেষ হবে রাত সাড়ে নয়টায়। এর ফলে কাজ শেষে প্রচুর দর্শক মাঠে আসবে বলে আশা করছে ইসিবি। কিন্তু আয়োজকদের মূল সমস্য হয়ে দাঁড়াবে সাদা বল, যেটি খুব তাড়াতাড়িই রং হারিয়ে ফেলে। বর্তমানে ওয়ানডেতে ৩৪ ওভার পর সাদা বল পাল্টে ফেলা বাধ্যতামূলক। ওদিকে টেস্ট ম্যাচে লাল বল পাল্টানো হয় ৮০ ওভার পর। অবশ্য সাদা বল যাতে আরো বেশি সময় টেকে, সেই দায়িত্ব ইতিমধ্যেই দেওয়া হয়েছে মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) হেড অফ ক্রিকেট জন স্টিফেনসনকে। এর আগে গোলাপী এবং কমলা রঙ্গের বল তত্ত্ব অবশ্য সাফল্য পায়নি।
দীর্ঘস্থায়ী সাদা বল তৈরির ক্ষেত্রে আইসিসিও এমসিসিকে সহযোগিতা করছে। আইসিসির জেনারেল ম্যানেজার ডেভ রিচার্ডসন বলেছেন, "দীর্ঘ পরিসরের খেলার উপযোগী এবং দীর্ঘস্থায়ী সাদা বল তৈরির জন্য এমসিসি যে গবেষণা করছে, তাতে আইসিসিও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।" তবে দিবা-রাত্রির ম্যাচ আয়োজনের প্রস্তাব ইসিবির কাছ থেকে এখনো আইসিসিও পায়নি, "এটা করতে হলে টেস্ট ম্যাচের প্লেয়িং কন্ডিশন, পোশাক ও খেলার সরঞ্জামের নিয়মাবলীতে পরিবর্তন আনতে হবে। সেজন্য বিষয়টা আমাদের ভালো করে জানতে হবে। কিন্তু ইসিবি এধরনের কোনো অনুমোদন এখনো আমাদের কাছে চায়নি।" অবশ্য 'দি সানডে টেলিগ্রাফ' ইসিবির একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, এই অনুমোদন পাওয়াটা কেবলই সময়ের ব্যাপার।
তা-ই হওয়ার কথা। কারণ খোদ আইসিসিরই 'টেস্ট ক্রিকেট প্রমোশন গ্র"প' নামের একটা গ্র"প আছে। যে গ্র"পে টেস্ট প্লেয়িং সবগুলো দেশেরই প্রতিনিধিত্ব আছে। মূলত টেস্ট ক্রিকেটের দর্শক ধরে রাখার পরিকল্পনা সাজাতেই গঠিত হয়েছে এই গ্র"প। ইসিবির চিন্তা তাদের মনে ধরাটাই খুব স্বাভাবিক। ডেভ রিচার্ডসনের কথায় সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে, "আইসিসি টেস্ট ক্রিকেটের প্রমোশনে দৃঢ়প্রতিজ্ঞ। তাছাড়া টেস্ট ক্রিকেটটা এমন সময়েই হওয়া উচিত যে সময়টায় খেলা দেখা দর্শকের জন্য সুবিধাজনক।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০২৫ঘ.
bdnews24