করাচি, ২১ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশাল এক বিল নিয়ে এখন ভীষণ ঝঞ্ঝাটে মোহাম্মদ আসিফ। গত বছরের জুনে আফিম নিয়ে ধরা পড়ার পর ১৯ দিন তাকে আটকে রেখেছিল দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ। সে সময় আইনি সহায়তা দিয়ে পিসিবি আসিফকে ছাড়িয়ে আনলেও সেজন্য প্রায় ৬৫ লাখ পাকিস্তানি রুপির (৮০,৭৭০ মার্কিন ডলার) বিল করেছে তারা। কিন্তু পাকিস্তানের ফাস্ট বোলার জানিয়ে দিয়েছেন এত টাকা দেয়া তার পক্ষে সম্ভব নয়!
"তারা (পিসিবি) প্রায় ৬৫ লাখ রুপির একটি বিল পাঠিয়েছে আমার কাছে। কিন্তু আমি জানিয়ে দিয়েছি যে এই বিশাল অংকের অর্থ পরিশোধ করার মতো অবস্থা আমার নেই। নিষেধাজ্ঞার কারণে গত জুলাই থেকে বোর্ড আমাকে কোনো টাকা দেয়নি, আর আমিও কোনো অর্থোপার্জন করতে পারিনি"---আসিফের করুণ স্বীকারোক্তি। গত বছর আইপিএল-এ ড্রাগ টেস্টে পজিটিভ হওয়ায় এক বছরের জন্য সব ধরণের ক্রিকেটে নিষিদ্ধ হয়েছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৭৫৬ঘ.
bdnews24