২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যামিল্টনে বড় লিড নেয়ার পথে ভারত

৪২তম টেস্ট সেঞ্চুরির সৌরভ পাওয়া শচীন টেন্ডুলকার ৭০ রানে অপরাজিত। ফিফটি পেয়েছেন রাহুল দ্রাবিড় এবং গৌতম গম্ভীরও। আর এই তিন জনের ফিফটির সুবাদে প্রথম টেস্টে বড় লিড নেয়ার স্বপ্ন দেখছে ভারত। বৃহস্পতিবার ৪ উইকেটে ২৭৮ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করায় নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের চেয়ে মাত্র ১ রানে পিছিয়ে আছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2009, 07:09 AM

Updated : 26 Aug 2022, 11:12 AM

হ্যামিল্টন, ১৯ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ৪২তম টেস্ট সেঞ্চুরির সৌরভ পাওয়া শচীন টেন্ডুলকার ৭০ রানে অপরাজিত। ফিফটি পেয়েছেন রাহুল দ্রাবিড় এবং গৌতম গম্ভীরও। আর এই তিন জনের ফিফটির সুবাদে প্রথম টেস্টে বড় লিড নেয়ার স্বপ্ন দেখছে ভারত। বৃহস্পতিবার ৪ উইকেটে ২৭৮ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করায় নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের চেয়ে মাত্র ১ রানে পিছিয়ে আছে তারা। যদিও দিনের শুরুটা মোটেও ভালো হয়নি ধোনির দলের। আগের রাতে বৃষ্টি হওয়ায় খেলা শুরু হয়েছিল ১৫ মিনিট দেরিতে। বিনা উইকেটে ২৯ রান নিয়ে শুরু করা ভারতকে দিনের তৃতীয় ওভারেই বড় একটা ধাক্কা দিয়েছে কিউইরা। দারুণ ফর্মে থাকা বীরেন্দর শেবাগ রান আউট হয়ে গেছেন জেমস ফ্র্যাংকলিনের সরাসরি থ্রোতে। আগের দিনের ২২ রানের সঙ্গে বৃহস্পতিবার মাত্র ২ রান যোগ করতে পেরেছেন 'টিম ইন্ডিয়া'র বিধ্বংসী ওপেনার। তবে দ্রাবিড় আর গম্ভীরের দৃঢ়তায় এই বিশাল ধাক্কা ভালোমতোই সামলে উঠেছে তারা। প্রথম সেশনে দুজনে দলের আর কোনো ক্ষতি হতে দেননি। মধ্যাহ্ন-বিরতির পর ১০৫ রানের মূল্যবান জুটিটা ভেঙ্গেছেন ক্রিস মার্টিন, গম্ভীরকে কট বিহাইন্ড করে। গম্ভীরের ১৩৫ বলে খেলা ৭২ রানের ইনিংসে বাউন্ডারি ছিল ১১টি। দ্রাবিড় যথারীতি ধৈর্য্যের প্রতিমূর্তি হয়েই ব্যাট করছিলেন। কিন্তু চা-বিরতির আগে ব্যক্তিগত ৬৬ রানের সময় ধৈর্য্য হারানোর খেসারত দিয়ে ইয়ান ও'ব্রায়েনের বলে বোল্ড হয়ে গেছেন তিনি। ১৩৮ বল খেলে ১২টা বাউন্ডারি মেরেছেন দ্রাবিড়। চা-বিরতির আগে আরেকটা মূল্যবান উইকেটও তুলে নিতে পারতো কিউইরা। ড্যানিয়েল ভেট্টোরিকে পুল করতে গিয়ে ক্যাচ তুলে দিয়েছিলেন টেন্ডুলকার। কিন্তু মিডউইকেট অঞ্চলে দৌড়ে গিয়েও দুরূহ ক্যাচটা হাতে জমাতে পারেননি ড্যানিয়েল ফ্লিন। তাই ৩ উইকেটে ১৯৭ রান নিয়ে চা-বিরতিতে যেতে পেরেছে ভারত। দিনের শেষ সেশনে একটাই উইকেট হারিয়েছে সফরকারীরা। নতুন বল হাতে পাওয়া মার্টিন ভিভিএস লক্ষ্মণকে (৩০) প্রথম স্লিপে রস টেলরের ক্যাচ বানিয়েছেন। কিন্তু টেন্ডুলকারকে আউট করা সম্ভব হয়নি কিউইদের পক্ষে। আর হয়নি বলে ভারতের হাতেই প্রথম টেস্টের নিয়ন্ত্রণ। সংক্ষিপ্ত স্কোর : নিউজিল্যান্ড ১ম ইনিংস : ২৭৯ (ম্যাকিনটশ ১২, গাপটিল ১৪, ফ্লিন ০, টেলর ১৮, রাইডার ১০২, ফ্র্যাংকলিন ০, ম্যাককালাম ৩, ভেট্টোরি ১১৮, মিলস ০, ও'ব্রায়েন ৮, মার্টিন ০*, অতিরিক্ত ৪; জহির ২/৭০, ইশান্ত ৪/৭৩, মুনাফ ৩/৬০, হরভজন ১/৫৭, শেবাগ ০/১৮) ভারত ১ম ইনিংস : ২৭৮/৪ (গম্ভীর ৭২, শেবাগ ২৪, দ্রাবিড় ৬৬, টেন্ডুলকার ৭০*, লক্ষ্মণ ৩০, যুবরাজ ৮*, অতিরিক্ত ৮; মার্টিন ২/৫৩, মিলস ০/৭০, ও'ব্রায়েন ১/৫৬, ফ্র্যাংকলিন ০/৪৬, ভেট্টোরি ০/৪০, রাইডার ০/১০)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৫২৭ঘ.