হ্যামিল্টন, ১৮ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ড্যানিয়েল ভেট্টোরি ও জেসি রাইডার সেঞ্চুরি করেও ভারতের আধিপত্য খর্ব করতে পারেননি। নিউজিল্যান্ডে দীর্ঘ চার দশক টেস্ট সিরিজ জয়ের খরা দূর করতে মরিয়া 'টিম ইন্ডিয়া' বুধবার প্রথম টেস্টের প্রথম দিনেই চালকের আসনে। ২৭৯ রানে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষ করে দিয়ে দিনশেষে ভারতের সংগ্রহ বিনা উইকেটে ২৯ রান।
কিউইদের অবস্থা অবশ্য আরো খারাপ হতে পারতো। হয়নি অধিনায়ক ভেট্টোরি আর রাইডারের দৃঢ়তার কারণে। হ্যামিল্টনের সেডন পার্কে টস জিতে প্রতিপক্ষকে ব্যাট করার আমন্ত্রণ জানাতে একটুও দ্বিধা করেননি মহেন্দ্র সিং ধোনি। এবং অধিনায়কের সিদ্ধান্তের যৌক্তিকতা প্রমাণ করতে শুরু থেকেই স্বাগতিক ব্যাটসম্যানদের ওপরে একেবারে ঝাঁপিয়ে পড়েছেন ভারতের পেসাররা।
শুরুটা করেছেন ধোনির দলের অভিজ্ঞতম পেসার জহির খান। ইনিংসের সপ্তম ওভারে অভিষিক্ত মার্টিন গাপটিলকে তৃতীয় স্লিপে রাহুল দ্রাবিড়ের ক্যাচ বানিয়ে তিনি দলকে এনে দিয়েছেন প্রয়োজনীয় ব্রেক থ্রু। জহিরের পরের ওভারেই ড্যানিয়েল ফ্লিন কট বিহাইন্ড! সেই ওভারে ফিরে যেতে পারতেন রস টেলরও। কিন্তু জহিরের দুর্ভাগ্য, গালিতে সহজ ক্যাচটা নিতে পারেননি বীরেন্দর শেবাগ।
১৭ রানে ২ উইকেট হারানোর পর টিম ম্যাকিনটশকে নিয়ে খানিকটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন টেলর। কিন্তু প্রতিপক্ষের পেসারদের তোপে তা বালির বাঁধের মতোই গুঁড়িয়ে গেছে। দুজনই ইশান্ত শর্মার শিকার। টেলরকে জীবন দেয়ার 'প্রায়শ্চিত্ত' করে শেবাগ ম্যাকিনটশের ক্যাচ তালুবন্দী করেছেন। আর জীবন ফিরে পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ টেলর হয়েছেন বোল্ড। সেটা ইনিংসের ২০তম ওভারের চতুর্থ বলের ঘটনা। ইশান্তের করা সেই ওভারের শেষ বলে কট বিহাইন্ড হয়ে গেছেন জেমস ফ্র্যাংকলিনও। যদিও টিভি রিপ্লে দেখে মনে হয়েছে বল তার ব্যাটে নয়, লেগেছে প্যাডে।
নিউজিল্যান্ড তখন ৫১ রানে ৫ উইকেট ধুঁকছে। বিপদটা আরো বাড়িয়েছেন মুনাফ প্যাটেল, কিউই সহ-অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামকে ভিভিএস লক্ষ্মণের হাতে ক্যাচ দিতে বাধ্য করে। তাই ৬ উইকেটে ৬১ রান নিয়ে মলিন মুখে লাঞ্চে যেতে হয়েছে ভেট্টোরি আর রাইডারকে।
কিন্তু মধ্যাহ্ন-বিরতি পর থেকেই দুজনের বিস্ময়কর প্রতিরোধের সূচনা। দ্বিতীয় সেশনের পুরোটা শুধু অবিচ্ছিন্ন থেকে দুজনে মিলে গড়েছেন ১৮৬ রানের এক দুর্দান্ত জুটি। যে জুটিতে তুলনামূলকভাবে বেশি আক্রমণাত্মক ছিলেন ভেট্টোরি। ১৩৯ বলে তৃতীয় টেস্ট সেঞ্চুরি পূর্ণ করা নিউজিল্যান্ড অধিনায়ককে চা-বিরতির পর ফিরিয়েছেন মুনাফ, ধোনির গ্লাভসবন্দী করে। ১৬৪ বলে খেলা ১১৮ রানের ইনিংসটা সাজানো ছিল ১৪ বাউন্ডারি ও দুই ছক্কায়।
ভেট্টোরির বিদায়ের পরের বলেই কাইল মিলস বোল্ড হয়ে গেলেও হ্যাটট্রিক করতে পারেননি মুনাফ। সে সময় ৭৭ রানে থাকা রাইডার এরপর নিজের কাঁধে তুলে নিয়েছেন আক্রমণের সব দায়িত্ব। কিন্তু তিনি যখন ৯৮ রানে তখনই হরভজনের বলে স্টাম্পিংয়ের ফাঁদে পড়েন ইয়ান ও'ব্রায়েন। শেষ ব্যাটসম্যান ক্রিস মার্টিনকে সঙ্গে নিয়ে রাইডার প্রথম টেস্ট সেঞ্চুরির মধুর স্বাদ পাবেন কি না সেটাই ছিল তখন বড় প্রশ্ন।
তবে সব সংশয় দূর করে দিয়েছেন মার্টিন, হরভজনের ৫টি বল ঠেকিয়ে দিয়ে। এবং ইশান্তের করা পরের ওভারের প্রথম বলেই চতুর্দশ বাউন্ডারি মেরে 'ম্যাজিক ফিগার'ও স্পর্শ করেছেন রাইডার। কিন্তু তার পরের বলেই তিনি আউট হয়ে যাওয়ায় শেষ হয়ে গেছে নিউজিল্যান্ডের ইনিংস। ৭৩ রানে ৪ উইকেট নেয়া ইশান্ত ভারতের সেরা বোলার। মুনাফ ৩ ও জহির নিয়েছেন ২ উইকেট।
ভারতের শুরুটা হয়েছে ওয়ানডে (কিংবা টোয়েন্টি টোয়েন্টি) ঢংয়ে। মার্টিনের করা ইনিংসের প্রথম বলেই গৌতম গম্ভীর বাউন্ডারি মেরেছেন। সেই ওভারে স্ট্রাইক পাননি শেবাগ। পেয়েছেন পরের ওভারে। এবং প্রথম বলেই চার মেরে মিলসকে স্বাগত জানিয়েছেন দুর্দান্ত ফর্মে থাকা 'বীরু'! মিলসের পরের (ইনিংসের চতুর্থ) ওভারে তিন-তিনটা চার মেরে শেবাগ কিউই বোলারদের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছেন রীতিমতো। দিনশেষে তিনি অপরাজিত ২২ রানে। অন্যপ্রান্তে গম্ভীর ব্যাট করছেন ৬ রান নিয়ে।
সংক্ষিপ্ত স্কোর :
নিউজিল্যান্ড ১ম ইনিংস : ২৭৯ (ম্যাকিনটশ ১২, গাপটিল ১৪, ফ্লিন ০, টেলর ১৮, রাইডার ১০২, ফ্র্যাংকলিন ০, ম্যাককালাম ৩, ভেট্টোরি ১১৮, মিলস ০, ও'ব্রায়েন ৮, মার্টিন ০*, অতিরিক্ত ৪; জহির ২/৭০, ইশান্ত ৪/৭৩, মুনাফ ৩/৬০, হরভজন ১/৫৭, শেবাগ ০/১৮)
ভারত ১ম ইনিংস : ২৯/০ (গম্ভীর ৬*, শেবাগ ২২*, অতিরিক্ত ১; মার্টিন ০/৯, মিলস ০/১৮, ও'ব্রায়েন ০/১)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৬০৫ঘ.
bdnews24