মুম্বাই, ১৭ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- স্টেডিয়ামটার সঙ্গে সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যানের নাম জড়িয়ে। অথচ সেই স্টেডিয়ামই কি না এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ! মঙ্গলবার এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে অন্তত এক বছর কোনো আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের অনুমতি দেয়া হবে না।
এখানেই গত ১৩ ফেব্র"য়ারি ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্ট মাত্র ১০ বল পর পরিত্যক্ত হয়ে যায়। আউটফিল্ড অনুপযুক্ত ও খেলোয়াড়দের জন্য বিপজ্জনক মনে হওয়ায় ম্যাচটা আর চালানো সম্ভব হয়নি। দুদিন পর তড়িঘড়ি করে পুরনো টেস্ট ভেন্যু অ্যান্টিগা রিক্রিয়েশন গ্রাউন্ডে আয়োজন করা হয়েছিল সেই ম্যাচ। যদিও ম্যাচটাকে ধরা হয়েছে তৃতীয় টেস্ট হিসাবে। তখনই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করে দিয়েছিল আইসিসি। ব্যাপারটা নিয়ে অনেক হৈ-চৈ হওয়ায় শেষ পর্যন্ত ভিভ রিচার্ডস স্টেডিয়ামকে এক বছরের জন্য নিষিদ্ধই করলো বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২০১০ঘ.
bdnews24