সিডনি, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা ছিল না বলেই লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেট দলের ওপর সন্ত্রাসীরা হামলা করতে পেরেছে বলে মনে করেন দলটির অস্ট্রেলিয়ান কোচ ট্রেভর বেইলিস।
মঙ্গলবার সিডনিতে সাংবাদিকদের তিনি বলেছেন, "সত্যি কথা বলতে কি, আসলে সেখানে নিরাপত্তার যথেষ্ট ব্যবস্থা ছিল না। পুলিশ প্রধান আর নিরাপত্তা বিভাগের লোকজনও সেটা স্বীকার করেছেন।"
গত সপ্তাহের ওই হামলায় শ্রীলঙ্কান দলের অন্তত সাতজন সদস্য ছোটখাটো আঘাত পান, আর তাদের বাঁচাতে গিয়ে হামলাকারীদের সঙ্গে বন্দুক যুদ্ধে প্রাণ দেন পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর ছয় সদস্যসহ সাত জন।
বেইলিস মনে করেন, ওই ঘটনার আগে করাচিতে প্রথম টেস্ট চলাকালে এরচেয়ে বেশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল শ্রীলঙ্কান দলের জন্য।
"করাচিতে আমাদের দলের সামনে এবং দুই পাশে থাকতো নিরাপত্তা বাহিনীর ছোট ছোট ট্রাক, সেগুলোর ছাদে মেশিন গানহাতে পাহারায় থাকতো নিরাপত্তারক্ষীরা। লাহোরে সে রকম কিছু ছিল না। অর্থাৎ, লাহোরে নি:সন্দেহে করাচির চেয়ে একটু কম নিরাপত্তার ব্যবস্থা ছিল। আর এক মাস আগে আমরা যখন ওয়ানডে সিরিজ খেলছিলাম তখন তো আরো কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছিল"
bdnews24