ডারবান, ৯ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লক্ষ্যটা শুধু কঠিনই নয়, প্রায় অসম্ভবও বটে! তবে ৫৪৬ রানের সুকঠিন জয়ের লক্ষ্যে বেশ মসৃণভাবেই এগিয়ে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। সোমবার দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের শেষে জ্যাক ক্যালিস ও এবি ডি ভিলিয়ার্সের অপরাজিত ফিফটির সুবাদে তাদের সংগ্রহ ২ উইকেটে ২৪৪ রান। জিততে হলে শেষ দিনে ৯০ ওভারে আরো ৩০২ রান করতে হবে স্বাগতিকদের। অন্যদিকে গ্রায়েম স্মিথ মাঠে নামতে পারবেন না বলে অস্ট্রেলিয়ার চাই ৭ উইকেট। তাহলেই সিরিজ জয়ের পাশাপাশি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফিও ধরে রাখতে পারবে রিকি পন্টিংয়ের দল।
৩ উইকেটে ২৯২ রান নিয়ে দিন শুরু করা অস্ট্রেলিয়া ৫ উইকেটে ৩৩১ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে সোমবার। এই ম্যাচে জোড়া সেঞ্চুরি করা ফিলিপ হিউজ আউট হয়েছেন ১৬০ রান করে। আগের দিনশেষে অপরাজিত থাকা আরেক ব্যাটসম্যান মাইকেল ক্লার্ক অপরাজিত থেকে যান ২৩ রানে।
টেস্ট ক্রিকেটে চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি রান করে জয়ের রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের। অস্ট্রেলিয়ার বিপক্ষেই ৪১৮ রান করে অবিস্মরণীয় জয়টা পেয়েছিল ক্যারিবীয়রা। তার চেয়ে ১২৮ রান বেশি করার লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামা প্রোটিয়াদের শুরুটা খারাপ হয়নি। ডান হাতের আঙ্গুল ভেঙ্গে ফেলা স্মিথের অনুপস্থিতিতে (তৃতীয় ও শেষ টেস্টেও খেলতে পারবেন না দক্ষিণ আফ্রিকা অধিনায়ক) নিল ম্যাকেঞ্জির সঙ্গে ওপেন করতে নেমেছেন হাশিম আমলা। এবং দুজনে ৬৩ রানের জুটি গড়ে দলকে মোটামুটি ভালো সূচনাই এনে দিয়েছেন।
ম্যাকেঞ্জিকে (৩১) কট বিহাইন্ড করে অস্ট্রেলিয়াকে ব্রেক থ্রু এনে দেয়ার কৃতিত্ব পিটার সিডলের। আমলাও (৪৩) তারই শিকার। তবে ৮০ রানে ২ উইকেট হারালেও দিনের বাকি ৫১.১ ওভারে ক্যালিস আর ডি ভিলিয়ার্সের দৃঢ়তায় আর কোনো ক্ষতি হয়নি স্বাগতিকদের। দিনশেষে ক্যালিস ৮৪ ও ডি ভিলিয়ার্স ৬৮ রানে অপরাজিত। তৃতীয় উইকেট জুটিতে দুজনের অবদান অপরাজিত ১৬৪ রান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২১৪৯ঘ.
bdnews24