ডারবান, ৬ মার্চ (বিডিনিউজ ২৪ ডটকম/রয়টার্স)- মাঝে কিছু দিন বিবর্ণ থাকার পর আবার সেই পরিচিত চেহারায় অস্ট্রেলিয়া! জোহানেসবার্গে প্রথম টেস্ট জয়ের সুখস্মৃতি নিয়ে খেলতে নামা রিকি পন্টিংয়ের দল ডারবানেও ইঙ্গিত দিচ্ছে ভালো কিছু করার। শুক্রবার দুই ওপেনার সাইমন ক্যাটিচ ও ফিলিপ হিউজের সেঞ্চুরিতে দ্বিতীয় টেস্টের প্রথম দিনশেষে তাদের সংগ্রহ ৪ উইকেটে ৩০৩ রান।
ডারবানের কিংসমিডের উইকেট বিশ্বের অন্যতম দ্রুতগতির হলেও টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক পন্টিং। আর তারপরই শুরু হয়েছে দুই ওপেনারের রানের ফুলঝুরি। বিশেষ করে মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নামা হিউজের। বাঁহাতি স্পিনার পল হ্যারিসের পরপর দুই বলে ছক্কা মেরে দারুণ রাজসিকভাবে প্রথম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেছেন তিনি। ক্যাটিচের সঙ্গে উদ্বোধনী জুটিতে তার অবদান ছিল ১৮৪ রান।
প্রোটিয়াদের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলে দেয়া জুটিটা ভেঙ্গেছেন জ্যাক ক্যালিস। ডানদিকে ঝাঁপিয়ে দুর্দান্তভাবে হিউজের ক্যাচ নিয়েছেন নিল ম্যাকেঞ্জি। হিউজের ১৫১ বলে ১১৫ রানের আক্রমণাত্মক ইনিংসে ঐ দুটো ছক্কা ছাড়াও ছিল ১৯টি বাউন্ডারি।
অতটা আক্রমণাত্মক হতে পারলেও সপ্তম সেঞ্চুরি করা ক্যাটিচ কম যন্ত্রণা দেননি দক্ষিণ আফ্রিকানদের। ১৯০ বলে ১৬ বাউন্ডারিতে ১০৮ রান করা ক্যাটিচকে ফিরিয়েছেন ডেল স্টেইন, প্রথম স্লিপে গ্রায়েম স্মিথের সহজ ক্যাচ বানিয়ে। তার আগেই পন্টিংকে (৯) আউট করেছেন হ্যারিস। অধিনায়কের মতো মাইকেল ক্লার্কও সুবিধা করতে পারেননি। মাত্র ৩ রান করা অস্ট্রেলিয়ার সহ-অধিনায়কও হ্যারিসের শিকার। তারপরও প্রথম দিনটা স্বস্তি নিয়েই শেষ করেছে সফরকারীরা। দিনশেষে মাইক হাসি ৩৭ ও মার্কাস নর্থ অপরাজিত ছিলেন ১৭ রানে।
সংক্ষিপ্ত স্কোর :
অস্ট্রেলিয়া ১ম ইনিংস : ৩০৩/৪ (হিউজ ১১৫, ক্যাটিচ ১০৮, পন্টিং ৯, হাসি ৩৭*, ক্লার্ক ৩, নর্থ ১৭*, অতিরিক্ত ১৪; স্টেইন ১/৬৩, এনটিনি ০/৫৫, মরকেল ০/৬৮, ক্যালিস ১/৪১, হ্যারিস ২/৬৬, ডুমিনি ০/৫)।
বিডিনিউজ ২৪ ডটকম/এএআর/২১৫৮ঘ.
bdnews24