ঢাকা, ৩ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- এখন পর্যন্ত পাকিস্তান দলের বাংলাদেশ সফর ঠিকঠাকই আছে। এই সফরের শুরুতেই দুটো টোয়েন্টি টোয়েন্টি ম্যাচ। সেজন্য নিজেদের প্রস্তুতি প্রিমিয়ার লিগেই সারছেন বাংলাদেশ অধিনায়ক মোহাম্মদ আশরাফুল এবং তার ডেপুটি মাশরাফি বিন মর্তুজা। মঙ্গলবার ভিক্টোরিয়ার বিপক্ষে গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্সের অধিনায়ক আশরাফুলের ইনিংসটাই এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটের জন্য সবচেয়ে বড় সুখবর। রান না পেতে থাকা আশরাফুল মাত্র ৭২ বলে করেছেন অপরাজিত ১০০ রান। আর সিটি ক্লাবের বিপক্ষে আবাহনী অধিনায়ক মাশরাফি খেলেছেন মাত্র ২১ বলে ৪৬ রানের বিস্ফোরক এক ইনিংস।
আর তাদের ইনিংসগুলো বিফলেও যায়নি। যদিও নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামে আশরাফুলের সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ২৯৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করানো গাজী ট্যাঙ্ক খুব সহজে জেতেনি। তাদের বিপক্ষে জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষপর্যন্ত ১৫ রানে হেরে গেছে ভিক্টোরিয়া। ছয় ম্যাচ খেলে এটা গাজীর চতুর্থ জয়। বিকেএসপি মাঠে সিটি ক্লাবকে ৩২ রানে হারিয়েছে আবাহনী। সাত ম্যাচ খেলে ষষ্ঠ জয় দিয়ে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী এখন যৌথভাবে পয়েন্ট তালিকার শীর্ষে। অবশ্য শীর্ষস্থানের আরেক ভাগিদার বিমান তাদের চেয়ে একটি ম্যাচ কম খেলেছে। এবং চলতি আসরে তারা এখন পর্যন্ত অপরাজিত।
টস জিতে ব্যাটিংয়ে নামা গাজীকে ৬১ রানের দারুণ সূচনা এনে দেন ইমরুল কায়েস (৬৭) ও মো. আনোয়ার (২৩)। এরপর দ্রুত তিনটি উইকেট খোঁয়ালেও চতুর্থ উইকেটে মোহাম্মদ মিথুনকে (৩৭ বলে ৪২) সঙ্গে নিয়ে ৭৬ বলে ৯৯ রানের পার্টনারশিপ গড়েন আশরাফুল। এরপর নাঈম ইসলামকে (৩৪ বলে অপরাজিত ৩১) নিয়ে অবিচ্ছিন্ন পঞ্চম উইকেট পার্টনারশিপ ৮৫ রানের। দুর্দান্ত ইনিংসের জন্য ম্যাচ সেরার পুরস্কার পাওয়া আশরাফুল হাঁকিয়েছেন ১২টি বাউন্ডারি।
তবে ৫৬ রানের সূচনার পর জবাব ভালোই দিচ্ছিল ভিক্টোরিয়াও। শরিফুল্লাহ (৬৮) ও আরাফাত সালাউদ্দিনের (৬০) ফিফটিতে একটা সময় পর্যন্ত ম্যাচে ছিল তারাও। বিশেষ করে ২৩৫ রানে শরিফুল্লাহ'র রান আউটের খাঁড়ায় কাটা পড়া জয়ের স্বপ্নে প্রথম ধাক্কা দেয়। এরপর ২৬৯ রানে আরাফাতের বিদায়ে তা ঘনীভূত হয় আরো। ইনিংসের শেষ বলে ২৮১ রানে অলআউট হয় তারা। ৬ ওভার বল করে ৪৪ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের সফলতম বোলার গাজী ট্যাঙ্কের অফস্পিনার নাঈম ইসলাম।
আবাহনীর ইনিংসে অবশ্য তেমন বড় কোনো ব্যক্তিগত সংগ্রহ নেই। ওপেনার তামিম ইকবাল ৫৯ রান করে দিয়ে যাওয়ার পর সর্বোচ্চ ইনিংসটা মাশরাফিরই খেলা। তার ঝড়োগতির ইনিংসে বাউন্ডারির (দুটো) চেয়ে ছক্কাই বেশি, চারটি। এই ইনিংসেই নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৩৮ রান তোলে আবাহনী। যেজন্য ম্যাচ সেরাও হয়েছেন তাদের অধিনায়কই। অবশ্য তিনি উইকেট পাননি কোনো। সিটি ক্লাবকে ৯ উইকেটে ২০৬ রানে বেঁধে রাখার ক্ষেত্রে সফলতম বোলার পেসার নাজমুল (৩/২৯)। আর সিটির পক্ষে সর্বোচ্চ ৫৬ রানের ইনিংসটি খেলেছেন ওপেনার রাসেল আল মামুন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৫৫ঘ.
bdnews24