২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাঁচার জন্য সবাই বাসের মেঝেতে ঝাঁপিয়ে পড়ি : জয়াবর্ধনে

শ্রীলঙ্কান ক্রিকেটারদের ওপর হামলার ন্যক্কারজনক ঘটনাটার সময় সেই বাসেই ছিলেন মাহেলা জয়াবর্ধনে। শ্রীলঙ্কার অধিনায়ক হিসাবে লাহোর টেস্টই ছিল তার শেষ ম্যাচ। সেই ম্যাচের তৃতীয় দিনের খেলায় অংশ নিতে তারা যাচ্ছিলেন গাদ্দাফি স্টেডিয়ামে। আর তখনই ভয়ঙ্কর আক্রমণ! সেই ভয়াবহ অভিজ্ঞতা তিনি তুলে ধরলেন ক্রিকইনফোর কাছে, "আমরা স্টেডিয়ামে যাওয়ার সময় বাসের ওপরে হামলা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2009, 09:15 AM

Updated : 26 Aug 2022, 11:08 AM

লাহোর, ৩ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রীলঙ্কান ক্রিকেটারদের ওপর হামলার ন্যক্কারজনক ঘটনাটার সময় সেই বাসেই ছিলেন মাহেলা জয়াবর্ধনে। শ্রীলঙ্কার অধিনায়ক হিসাবে লাহোর টেস্টই ছিল তার শেষ ম্যাচ। সেই ম্যাচের তৃতীয় দিনের খেলায় অংশ নিতে তারা যাচ্ছিলেন গাদ্দাফি স্টেডিয়ামে। আর তখনই ভয়ঙ্কর আক্রমণ! সেই ভয়াবহ অভিজ্ঞতা তিনি তুলে ধরলেন ক্রিকইনফোর কাছে, "আমরা স্টেডিয়ামে যাওয়ার সময় বাসের ওপরে হামলা হয়। বন্দুকধারী সন্ত্রাসীরা প্রথমে বাসের চাকায় গুলি করে। তারপর বাসে। বাঁচার জন্য আমরা সবাই বাসের মেঝেতে ঝাঁপিয়ে পড়ি। ৫ জন খেলোয়াড় এবং পল ফারব্রেস (শ্রীলঙ্কা দলের একজন কর্মকর্তা) আহত হয়েছে। তবে বেশির ভাগ ইনজুরি তেমন গুরুতর নয় বলেই মনে হচ্ছে এই মুহূর্তে।" শ্রীলঙ্কার টিম বাসের সঙ্গে থাকা আম্পায়ার স্টিভ ডেভিসের ভাষ্যমতে, "সন্ত্রাসী হামলাটা ছিল ভয়াবহ। বর্ণনা করার ভাষা খুঁজে পাচ্ছি না আমি।" ঐ বাসের ঠিক পেছনের বাসেই ছিলেন টিভি আম্পায়ার নাদিম ঘাউরি। তিনি জানিয়েছেন অনেকক্ষণ ধরে গুলি-গোলা চলার কথা। সহিংসতা ক্রিকেটের অনেক ক্ষতি করলেও ক্রিকেটারদের ওপরে এটাই প্রথম সরাসরি আক্রমণ। লাহোরের প্রধান পুলিশ কমিশনার হাবিবুর রেহমান জানিয়েছেন লিবার্টি মার্কেটের কাছাকাছি ১২ জন মুখোস পরা, বন্দুকধারী সন্ত্রাসী শ্রীলঙ্কা দলকে বহন করা বাসের চাকায় গুলি করার পর একটা গ্রেনেড ছুড়ে মারে। সৌভাগ্যবশত গ্রেনেডটা বিস্ফোরিত হয়নি। বাসের ড্রাইভারও আহত হন। জয়াবর্ধনে, তার ডেপুটি কুমার সাঙ্গাকারা ছাড়াও এই আক্রমণে আহত হয়েছেন অজন্তা মেন্ডিস, থিলান সামারাবীরা ও শ্রীলঙ্কা দলে নবাগত থারাঙ্গা পারানাভিতানা। করাচিতে অনুষ্ঠিত প্রথম টেস্টেই পারানাভিতারানার অভিষেক হয়েছে। বলাই বাহুল্য, এই ঘটনার পরপরই লাহোর টেস্ট বাতিল ঘোষণা করা হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান ইজাজ বাট এবং আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাত সে কথাই জানিয়েছেন। আর পাঞ্জাবের গভর্নর সালমান তাশির জানিয়েছেন গাদ্দাফি স্টেডিয়ামে থাকা শ্রীলঙ্কার ক্রিকেটারদের হেলিকপ্টারে করে কাছের এয়ারবেজে নিয়ে যাওয়ার কথা। সেখান থেকে কলম্বোতে ফিরে যাবেন তারা। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রধান ও সাবেক অধিনায়ক দিলীপ মেন্ডিস বলেছেন মঙ্গলবারই দেশে ফিরছে তাদের দল। এমন ঘটনায় আর সবার মতো জয়াসুরিয়াও ব্যথিত, স্তম্ভিত, মর্মাহত। দেশে বসে সিএনএন-আইবিএনকে ব্যথা ভরা কণ্ঠে শ্রীলঙ্কার সর্বকালের অন্যতম ব্যাটসম্যান বললেন, "আমরা কখনোই এ ধরনের সমস্যার সামনে পড়িনি। ওরা (ক্রিকেটাররা) সবাই নিরাপদে আছে। কুমারের (সাঙ্গাকারার) সঙ্গে কথা বলে এই সুখবরটা আমি পেয়েছি। আমি তো মনে করি না ওরা সেখানে থেকে আর খেলতে পারবে। আমি মনে করি ওদের যত তাড়াতাড়ি সম্ভব দেশে ফিরে আসা উচিৎ। তবে সব কিছু নির্ভর করছে ইনজুরির ওপরে।" ইনজুরি নিয়ে অবশ্য সংশয় যাচ্ছে না। শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী গামিনি লোকুগে জানিয়েছেন সামারাবীরা ও ফারব্রেসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেই সঙ্গে তিনি বলেছেন, "মাহেলা (জয়াবর্ধনে) এবং বাকি তিন জনের ইনজুরি গুরুতর নয়।" বেচারা সামারাবীরা! তার টানা দুই টেস্টে ডাবল সেঞ্চুরি করার আনন্দ মুহূর্তের মধ্যে ধূলিস্যাত করে দিয়েছে সন্ত্রাসীরা। এই আক্রমণে লাহোর টেস্টের রিজার্ভ আম্পায়ার আহসান রাজার আহত হওয়ার কথাও শোনা যাচ্ছে। এমন ভয়ঙ্কর আক্রমণে পাকিস্তানের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান ও সাবেক অধিনায়ক ইনজামাম-উল হকও স্তম্ভিত। পাকিস্তানের 'জিও' টিভির সঙ্গে কথা বলার সময় তার মন্তব্য, "কোনো ক্রিকেট দলের ওপরে এটাই প্রথম গুরুতর আক্রমণ। এই ঘটনায় পাকিস্তানের ভাবমূর্তি ক্ষুন্ন হবেই। পাকিস্তান ক্রিকেটের কতটা ক্ষতি হলো তা শুধু সময়ই বলে দিতে পারবে। বিশ্বকাপ আয়োজনও ক্ষতিগ্রস্ত হতে পারে। হয়তো আর কোনো দেশ পাকিস্তানে না-ও আসতে চাইতে পারে। শুধু দেশেই নয়, বিদেশেও পাকিস্তান আবার কবে খেলতে পারবে সে ব্যাপারে আমি দুশ্চিন্তাগ্রস্ত। সব মিলিয়ে খুবই দুঃখজনক ঘটনা।" ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই) এই ঘটনায় মর্মাহত। গত নভেম্বরে মুম্বাই হামলার কারণে পাকিস্তানে নির্ধারিত সফর বাতিল করেছিল বিসিসিআই। সেই ক্ষতিপূরণের লক্ষ্যেই পাকিস্তানে যেতে রাজি হয়েছিল শ্রীলঙ্কা। অথচ তাদের ক্রিকেটারদের ওপরেই কি না এমন ভয়ঙ্কর হামলা! নয়াদিল্লীতে থাকা বিসিসিআই সেক্রেটারি এন শ্রীনিবাসন তাই শ্রীলঙ্কানদের সমবেদনা জানালেন সবার আগে, "আহত ক্রিকেটারদের দ্রুত সুস্থতা কামনা করছি আমরা। এবং তাদের পরিবার ও সতীর্থদের প্রতি সমবেদনা জানাচ্ছি। এমন সঙ্কটজনক সময়ে বিসিসিআই শ্রীলঙ্কা ক্রিকেটের পাশে থাকবে।" ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৫১৫ঘ.