২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এককভাবে শীর্ষে এখন বিমান, জয়ের ধারায় ফিরলো মোহামেডান

দু'দলই তাদের আগের চারটি ম্যাচে জেতায় বিমান-ওল্ড ডিওএইচএস ম্যাচটি হয়ে উঠেছিল শীর্ষে যাওয়ার লড়াই। বিকেএসপিতে হওয়া সেই লড়াইয়ে রোববার সাকিব আল হাসানের অলরাউন্ড পারফরম্যান্স বিমানকে এনে দিল ৮ উইকেটের জয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2009, 04:23 PM

Updated : 26 Aug 2022, 11:05 AM

ঢাকা, ২২ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- দু'দলই তাদের আগের চারটি ম্যাচে জেতায় বিমান-ওল্ড ডিওএইচএস ম্যাচটি হয়ে উঠেছিল শীর্ষে যাওয়ার লড়াই। বিকেএসপিতে হওয়া সেই লড়াইয়ে রোববার সাকিব আল হাসানের অলরাউন্ড পারফরম্যান্স বিমানকে এনে দিল ৮ উইকেটের জয়। এবং সেই সঙ্গে টানা পাঁচ ম্যাচ জিতে এককভাবে পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখলে নেওয়ার আনন্দও। নারায়ণগঞ্জের ফতুল্লা ওসমানী স্টেডিয়ামে ইমরান আহমেদের সেঞ্চুরিতে বড় সংগ্রহ দাঁড় করানো আবাহনী পেয়েছে তাদের চতুর্থ জয়। তারা ৫৩ রানে হারিয়েছে ভিক্টোরিয়াকে। আর মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে পরপর দুই ম্যাচ হারা মোহামেডান অবশেষে পেয়েছে জয়ের দেখা। শামসুর রহমান ও রকিবুল হাসানের সেঞ্চুরিতে ৩১৭ রানের বিশাল স্কোর গড়া এই দলটির জয়ও বিশাল ব্যবধানের। সিটি ক্লাবকে তারা হারিয়েছে ৯৮ রানে। টস হেরে ব্যাটিংয়ে নামা ডিওএইচএসকে ৪৯.৩ ওভারে মাত্র ১৯২ রানে অলআউট করে দেওয়ার ক্ষেত্রে সাকিবের ঘূর্ণিই রেখেছে সবচেয়ে বড় ভূমিকা। তার বোলিং ফিগারে চোখ রাখলেই সেটা বোঝা যাচ্ছে : ১০-৩-২০-৪! এছাড়া আরেক বাঁ হাতি স্পিনার নাবিল সামাদও ৩৫ রানে নিয়েছেন ২ উইকেট। ডিওএইচএসের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। জবাব দিতে নামা বিমানও ৫৩ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে গিয়েছিল। কিন্তু সেখান থেকে ওপেনার জাভেদ ওমর ও সাকিবের ৮০ রানের চতুর্থ উইকেট পার্টনারশিপ বিমানকে জয়ের দিকে এগিয়ে দেয়। সাকিব ৩২ রান করে আউট হয়ে গেলেও জাভেদ ছিলেন অবিচল। ১৩৭ বলে ৭৫ রানের ধীরগতির তবে ভীষণ কার্যকর ইনিংস খেলে আউট হওয়ার সময় বিমান জয় থেকে মাত্র ৬ রান দূরে। ব্যাটে-বলে দারুণ পারফরম করে ম্যাচ সেরা হয়েছেন অবশ্য সাকিবই। শেষপর্যন্ত ২২ বল বাকি থাকতেই সহজ এক জয়ের দেখাই পায় বিমান। ইনিংসের দ্বিতীয় বলেই তামিম ইকবালের (০) উইকেট হারালেও তা আবাহনীকে দুঃশ্চিন্তায় ফেলেনি কারণ অন্য ওপেনার রনি তালুকদারকে (৩৯) নিয়ে ৭০ রানের পার্টনারশিপ গড়ে বিপর্যয় সামাল দেন ইমরান। পঞ্চম উইকেটে নাসির হোসেনকে (৬৬) নিয়ে ১১৮ রানের ম্যাচ সর্বোচ্চ পার্টনারশিপ গড়া ইমরান ইনিংসের ১ বল বাকি থাকতে আউট হন। তখন তার নামের পাশে ১৪০ বলে ৯ বাউন্ডারিতে সাজানো ১০৯ রানের ঝকঝকে এক ইনিংস। সুবাদে আবাহনী ৭ উইকেট হারিয়ে তোলে ২৮০ রান। জবাবে দুই ওপেনার অমিত মজুমদার (৫৫) ও আরমান হোসেন (৫৬) ১১৪ রানের দারুণ এক সূচনা এনে দিলেও সাত রানের মধ্যেই তাদের দু'জনের ফিরে যাওয়ার ধাক্কা আর সামলে উঠতে পারেনি ভিক্টোরিয়া। পরের দিকে আরাফাত সালাউদ্দিনের (৫২) ফিফটিও জয়ের স্বপ্ন দেখাতে পারেনি তাদের। নির্ধারিত ৫০ ওভারে তারা ৭ উইকেটে তুলতে পারে ২২৭ রান। আবাহনীর পক্ষে দুটো করে উইকেট নিয়েছেন নাজমুল হোসেন ও বেনগোপাল রাও। অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও জিয়াউর রহমানের শিকার একটি করে। ম্যাচ সেরার পুরস্কারটি অবশ্য সেঞ্চুরিয়ান ইমরান ছাড়া আর কারোরই পাওয়ার কথা ছিল না। টানা দুই হারে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া মোহামেডানের শুরুটা ভীতি জাগানিয়াই ছিল। ২ রানে ২ উইকেট হারানোর পর অবশ্য সিটি ক্লাবের বোলারদের নাভিঃশ্বাস উঠিয়ে ছেড়েছেন দুই সেঞ্চুরিয়ান শামসুর ও রকিবুল, তৃতীয় উইকেটে ১৯৪ রান যোগ করে। ১০২ রান করে রকিবুল আউট হওয়ার পর প্রতিপক্ষের বোলাররা দেখেছেন দুঃস্বপ্ন। কারণ চতুর্থ উইকেটে শামসুরের সঙ্গে মার্শাল আইয়ুবের ১১২ রানের পার্টনারশিপটি মাত্র ৬১ বলে গড়া। ১০ বাউন্ডারি ও তিন ছক্কায় সাজানো শামসুরের ১২৭ রানের ইনিংসটি খেলতে লেগেছে ১২৩ বল। এজন্য ম্যাচ সেরাও হয়েচেন। তবে তুলনায় অনেক বেশি বিধ্বংসী মার্শালের অপরাজিত ৬৯ রানের ইনিংসটা মাত্র ৩২ বলে খেলা। এরপর রাসেল আল মামুন (৬৭) ও সিরাজুল্লা খাদেমের (৫০*) ফিফটি সিটি ক্লাবের হারের ব্যবধানই শুধু কমিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২২০০ঘ.