২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার আর হোঁচট খায়নি গাজী ট্যাঙ্ক, জিতেছে বিকেএসপি-সূর্যতরুণ

আগের ম্যাচে ক্রিকেট কোচিং স্কুলের (সিসিএস) কাছে হারের অভিজ্ঞতায় বেশ সাবধানী গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স এবার আর হোঁচট খায়নি। নারায়ণগঞ্জের ফতুল্লা ওসমানী স্টেডিয়ামে বৃহষ্পতিবার তারা ইয়াং পেগাসাসের বিপক্ষে ৫ উইকেটের অনায়াস জয় পেয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2009, 02:14 PM

Updated : 26 Aug 2022, 11:05 AM

ঢাকা, ১৯ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- আগের ম্যাচে ক্রিকেট কোচিং স্কুলের (সিসিএস) কাছে হারের অভিজ্ঞতায় বেশ সাবধানী গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স এবার আর হোঁচট খায়নি। নারায়ণগঞ্জের ফতুল্লা ওসমানী স্টেডিয়ামে বৃহষ্পতিবার তারা ইয়াং পেগাসাসের বিপক্ষে ৫ উইকেটের অনায়াস জয় পেয়েছে। বিকেএসপিতে সূর্যতরুণকে জিততে অবশ্য বেশ বেগ পেতে হয়েছে। সিসিএসকে তারা মাত্র ১৬ রানে হারিয়েছে। তুলনায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিটি ক্লাবের বিপক্ষে বিকেএসপির জয় অনেক সহজ। ৫৫ বল বাকি থাকতেই তারা জিতেছে ৬ উইকেটে। এনামুল হক জুনিয়রের (৪/৪৭) ঘূর্ণিতে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২১৯ রানের বেশি তুলতে পারেনি পেগাসাস। সর্বোচ্চ ৫১ রান করেছেন হুমায়ুন কবীর। জবাব দিতে নামা গাজী ট্যাঙ্ককে ৯৯ রানের সূচনা দেন ইমরুল কায়েস ও আনোয়ার হোসেন (৫০)। এরপর দ্বিতীয় উইকেটে নাফিস ইকবালকে (৩০) নিয়ে আরো ৬৮ রান যোগ করা ইমরুল সহজ জয়ের পথে অনেকদূর এগিয়ে দেন দলকে। অধিনায়ক মোহাম্মদ আশরাফুল অবশ্য মাত্র ১৮ রান করে আউট হয়ে যান। ৭৮ রানের ইনিংসের জন্য ম্যাচ সেরা হয়েছেন ইমরুল। বিকেএসপিতে ম্যাচের সেরা সূর্যতরুণের হয়ে ওপেন করতে নামা তাদের ভারতীয় ক্রিকেটার সন্দ্বীপ শর্মা। তার ৬৪ রান ছাড়াও জুনায়েদ সিদ্দিকী (৩৫), আনিসুর রহমান (৩১) ও সাব্বির রহমানদের (৩৮) ছোট্ট অথচ কার্যকর ইনিংসগুলোর যোগফলে নির্ধারিত ৫০ ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ২৪৪। এই রান তাড়া করে সিসিএসের জয়ের সম্ভাবনা অনেকক্ষণ জেগেছিল নাজমুল হোসেনের (৭৬*) ব্যাটে। শেষপর্যন্ত তারা নির্ধারিত ওভারে ৯ উইকেটে ২২৮ রান তুলতে সক্ষম হয়। আগের ম্যাচে গাজী ট্যাঙ্কের বিপক্ষে তাদের জয়ের নায়ক শাহবাজ বাট এদিন মাত্র ১৬ রান করেই আউট হয়ে যান। মিরপুরে নয় নাম্বার ব্যাটসম্যান সিরাজুল্লা খাদেমের (৫০*) অপরাজিত ফিফটি না হলে সিটি ক্লাবের স্কোর ৯ উইকেটে ১৮৮ হত না। তবে ওপেনার আসিফ আহমেদের ৭৫ ও জাবিদ হোসেনের অপরাজিত ৪৩ রানের ইনিংসে ভর করে ওই রান মাত্র ৪০.৫ ওভারেই টপকে যায় বিকেএসপি। আসিফ হয়েছেন ম্যান অফ দি ম্যাচ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০০৫ঘ.