সেন্ট জন্স, অ্যান্টিগা, ১৯ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জয়ের জন্য ইংল্যান্ডের চাই ৭ উইকেট। আর ওয়েস্ট ইন্ডিজের ৩৬০ রান। তৃতীয় টেস্টের শেষ দিনে এই সমীকরণের সামনে দাঁড়িয়ে দুদল। বুধবার চতুর্থ দিনে ৮ উইকেটে ২২১ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে উইন্ডিজকে ৫০৩ রানের কঠিন লক্ষ্য ছুড়ে দিয়েছে ইংল্যান্ড। এই লক্ষ্যে ব্যাট করতে নেমে দিনশেষে ৩ উইকেটে ১৪৩ রান করেছে স্বাগতিকরা।
অ্যান্টিগা রিক্রিয়েশন গ্রাউন্ডের সঙ্গে ক্যারিবীয়দের দারুণ এক সুখস্মৃতি জড়িয়ে। প্রায় ৬ বছর আগে এখানেই ৪১৮ রান করে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছিল তারা। এখনও পর্যন্ত চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড এটাই। সেই রেকর্ডকে মুছে দেয়ার লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটাই ভালোই করেছেন ক্রিস গেইল ও ডেভন স্মিথ। উইন্ডিজকে উদ্বোধনী জুটিতে ৫৯ রান এনে দিয়েছেন তারা। কিন্তু স্টিভ হার্মিসন স্মিথকে (২১) এলবিডব্লু করে ইংল্যান্ডকে ব্রেক থ্রু দেয়ার পর গেইল বেশিক্ষণ টিকতে পারেননি। প্রথম ইনিংসে ৫ উইকেট নেয়া গ্রায়েম সোয়ানকে সুইপ করতে গিয়ে এলবিডব্লুর ফাঁদে পড়েছেন তিনি।
গেইল ৪৬ রান করে বিদায় নেয়ার সময় স্বাগতিকদের স্কোর ছিল ২ উইকেটে ৮১। আর ১৫ রান যোগ হওয়ার পর তৃতীয় উইকেট হারিয়েছে তারা। স্টুয়ার্ট ব্রডকে ড্রাইভ করতে গিয়ে ওয়েইস শাহকে সহজ ক্যাচ দিয়েছেন রায়ান হাইন্ডস (৬)। তবে দিনের বাকি সময়ে দলের আর কোনো ক্ষতি হতে দেননি রামনরেশ সারওয়ান (৪৭*) ও শিবনারায়ণ চন্দরপল (১৮*)। অবিচ্ছিন্ন চতুর্থ উইকেট জুটিতে দুজনের অবদান ৪৭ রান।
এর আগে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের সোয়া দুশ' ছোঁয়া সংগ্রহে সবচেয়ে বড় অবদান ছিল ওপেনার অ্যালিস্টার কুকের ৫৮ রানের। তার সঙ্গে প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান পল কলিংউড ৩৪ ও কেভিন পিটারসেন ৩২ রান করায় প্রতিপক্ষকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে পেরেছে ইংলিশরা। জয়ের সুবাস পেতে থাকা ইংল্যান্ডের জন্য একটাই খারাপ খবর। নিতম্বের ইনজুরির জন্য বুধবার মাত্র ৩ ওভার বল করতে পেরেছেন অ্যান্ড্রু ফ্লিনটফ।
সংক্ষিপ্ত স্কোর :
ইংল্যান্ড ১ম ইনিংস : ৫৬৬/৯ ডিক্লে. (স্ট্রাউস ১৬৯, কুক ৫২, ওয়েইস শাহ ৫৭, পিটারসেন ৫১, অ্যান্ডারসন ৪, কলিংউড ১১৩, ফ্লিনটফ ০, প্রায়র ৩৯, ব্রড ৪৪, সোয়ান ২০*, অতিরিক্ত ১৭; টেলর ২/৭৩, এডওয়ার্ডস ২/৭৫, পাওয়েল ০/১০৩, গেইল ১/৪১, বেন ০/১৪৩, হাইন্ডস ২/৮৬, ন্যাশ ০/২১)
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস : ২৮৫ (গেইল ৩০, স্মিথ ৩৮, পাওয়েল ২২, সারওয়ান ৯৪, হাইন্ডস ২৭, চন্দরপল ১, ন্যাশ ১৮, রামদিন ০, টেলর ১৯, বেন ০, এডওয়ার্ডস ১*,অতিরিক্ত ৩৫; অ্যান্ডারসন ০/৫৫, ফ্লিনটফ ৩/৪৭, হার্মিসন ১/৪৪, ব্রড ১/২৪, সোয়ান ৫/৫৭, পিটারসেন ০/১৪, কলিংউড ০/২২)
ইংল্যান্ড ২য় ইনিংস : ২২১/৮ ডিক্লে. (স্ট্রাউস ১৪, কুক ৫৮, অ্যান্ডারসন ২০, ওয়েইস শাহ ১৪, পিটারসেন ৩২, কলিংউড ৩৪, প্রায়র ১৫*, ব্রড ১, ফ্লিনটফ ০, হার্মিসন ৭*, অতিরিক্ত ২৬; এডওয়ার্ডস ১/৩৬, টেলর ০/৩৪, পাওয়েল ২/৩৩, বেন ২/৫৮, হাইন্ডস ২/৪৫)
ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস : ১৪৩/৩ (গেইল ৪৬, স্মিথ ২১, সারওয়ান ৪৭*, হাইন্ডস ৬, চন্দরপল ১৮*, অতিরিক্ত ৫; অ্যান্ডারসন ০/২৪, ব্রড ১/২২, সোয়ান ১/৫০, হার্মিসন ১/১৭, ফ্লিনটফ ০/১২, পিটারসেন ০/১৪)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৮১৫ঘ.
bdnews24