২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুর-বঙ্গবন্ধু স্টেডিয়ামের টানাটানিটা বিশ্বকাপের চেয়েও বড় ইস্যু!

আজ থেকে ঠিক দুই বছর পর ২০১১ সালের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে ঢাকায়। নয়াদিল্লীতে বিশ্বকাপের কেন্দ্রীয় সাংগঠনিক কমিটির সভায় যোগ দিয়ে আসা দুই বোর্ড সদস্যের সংবাদ সম্মেলন এদিনই করার এটাও একটা অন্যতম কারণ। বৃহষ্পতিবার দুপুর ১২টায় হওয়ার কথা থাকলেও তাদের মুখ থেকে বিস্তারিত জানার জন্য সাংবাদিকদের অপেক্ষায় থাকতে হল ঘন্টাখানেকেরও বেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2009, 11:41 AM

Updated : 26 Aug 2022, 11:05 AM

ঢাকা, ১৯ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- আজ থেকে ঠিক দুই বছর পর ২০১১ সালের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে ঢাকায়। নয়াদিল্লীতে বিশ্বকাপের কেন্দ্রীয় সাংগঠনিক কমিটির সভায় যোগ দিয়ে আসা দুই বোর্ড সদস্যের সংবাদ সম্মেলন এদিনই করার এটাও একটা অন্যতম কারণ। বৃহষ্পতিবার দুপুর ১২টায় হওয়ার কথা থাকলেও তাদের মুখ থেকে বিস্তারিত জানার জন্য সাংবাদিকদের অপেক্ষায় থাকতে হল ঘন্টাখানেকেরও বেশি। কারণ ওই সময়ই মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম পরিদর্শনে চলে এসেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। পরিদর্শন শেষে ফিরে যাওয়ার সময় ছেঁকে ধরা টেলিভিশন ক্যামেরার সামনে তিনি বলে গেলেন, "বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানটা আমরা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামেই করতে চাই। অবশ্য সবকিছু চূড়ান্ত হবে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর।" রাজনৈতিক উদ্দেশ্যেই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে ক্রিকেটকে নির্বাসনে পাঠানো হয়েছে, এমন একটা প্রচারণা আছে অনেকদিন ধরেই। কাজেই রাজনৈতিক পটপরিবর্তনের পর এটা একটা গুরুত্বপূর্ণ 'ইস্যু' হয়ে উঠবে স্বাভাবিক। এটা নিয়ে বাতাস ভারী করারও চেষ্টা করলেন কেউ কেউ। কিন্তু উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচ যে একই দিনে একই ভেন্যুতে হওয়ার সিদ্ধান্তের কথা জানা গিয়েছিল ১৭ ফেব্র"য়ারি অনুষ্ঠিত নয়াদিল্লী সভার পর! দুটোই সেখানে হতে হলে পাল্টে ফেলতে হবে এখন পুরোপুরি ফুটবল ও অ্যাথলেটিক্সের হয়ে যাওয়া বঙ্গবন্ধু স্টেডিয়ামের খোলনলচে। এটা যেমন সময়সাপেক্ষ, তেমনি খরচসাপেক্ষও। এটা কতোটা সুবিবেচনাপ্রসুত হবে, এ জাতীয় প্রশ্নের রাশ টেনে ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাহবুব আনাম বললেন, "আসলে সিওসি (সেন্ট্রাল অর্গানাইজিং কমিটি) মিটিংয়ে আমাদের প্রস্তাবনা ছিল ১৮ ফেব্র"য়ারি উদ্বোধনী অনুষ্ঠান এবং ১৯ ফেব্র"য়ারি উদ্বোধনী ম্যাচ করার। আমাদের প্রস্তাবই গৃহীত হবে বলে আশা করছি।" সেক্ষেত্রে বিসিবিও উদ্বোধনী অনুষ্ঠানটা বঙ্গবন্ধু স্টেডিয়ামেই করতে চায় বলেও জানালেন মাহবুব। যদিও তাদের এমন কোনো সদিচ্ছা ছিল কিনা, তা নিয়ে প্রশ্ন উঠলো। এমনকি সিওসি'র সভায় তাদের তরফ থেকে আদৌ বঙ্গবন্ধু স্টেডিয়ামের কথা বলা হয়েছে কিনা, এমন সন্দেহের তীরে বিদ্ধ হতে থাকা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বললেন, "আইসিসির সিদ্ধান্তানুযায়ী ১৫টির বেশি ভেন্যুতে খেলা হতে পারবে না। ভারতের আটটি, পাকিস্তানের চারটি এবং শ্রীলঙ্কার দুটো ভেন্যুর নাম-ধাম ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গেছে। বাকী আছে শুধু আমাদেরটাই। কারণ সরকারের অনুমোদনসাপেক্ষেই চূড়ান্ত হবে এখানকার ভেন্যু।" একটু পেছনে ফিরে গিয়ে তিনি জানাচ্ছেন, "২০০৬ সালে আমরা যখন বিড ডকুমেন্ট জমা দেই, তখন ছয়টি ম্যাচ পাবো বলে আশা করেছিলাম। তখন মিরপুর ও বঙ্গবন্ধু স্টেডিয়ামে (বিএনএস) তিনটি করে ম্যাচ রাখার প্রস্তাবও ছিল আমাদের।" ছয়টি নয়, ২০১১ বিশ্বকাপের ৩৯ ম্যাচের পাঁচটি আয়োজনের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ, যার মধ্যে একটি কোয়ার্টার ফাইনালও আছে। সর্বোচ্চ ২১টি ম্যাচ হবে ভারতে। পাকিস্তানে ১১টি আর শ্রীলঙ্কায় ৯টি। প্রথমে ১৪টি দল দুই গ্র"পে ভাগ হয়ে লড়বে। এরপর প্রতি গ্র"পের শীর্ষ চারটি দল উঠবে কোয়ার্টার ফাইনালে। দক্ষিণ এশিয়া অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় সিওসি'র সভায় প্রতিটা দেশকে কমপক্ষে একটা করে বিকল্প ভেন্যুও প্রস্তুত করতে বলা হয়েছে। মাহবুব আভাস দিয়েছেন, সেই বিকল্প ভেন্যু হিসেবে বিএনএস-এর নামই প্রস্তাব করা হতে পারে। কিন্তু সেই ভেন্যুতে আবার মূল ভেন্যুর সব সুযোগ-সুবিধাই থাকতে হবে। সেক্ষেত্রে বিএনএস নিয়ে ফুটবল-অ্যাথলেটিক্সের সঙ্গে ক্রিকেটের টানাটানির ঝামেলা এড়াতে নারায়ণগঞ্জের ফতুল্লা ওসমানী স্টেডিয়ামও বিকল্প হতে পারে কিনা, এমন প্রশ্নের জবাবে বিসিবির সিনিয়র ভাইস প্রেসিডেন্টের জবাব, "এ বিষয়ে সিদ্ধান্ত দেবে সরকার।" বিশ্বকাপ আয়োজনের সরকারী সহযোগিতাও খুব গুরুত্বপূর্ন। বিশেষ করে মন্ত্রীর সঙ্গে আলাপে সরকারের কাছ থেকে আর্থিক সহযোগিতা পাওয়ার বিষয়ে আশ্বস্ত হওয়া গেছে বলেও জানাতে ভুললেন না তিনি। সিওসি'র সভায় মাহবুবের সঙ্গে ছিলেন বিসিবির পরিচালক শফিকুর রহমান মুন্নাও। সেখানে কর্মকর্তাদের দুটো দলে ভাগ করে দেওয়া হয়েছে। একটা দল ক্রিকেট পরিচালনার দিকটা সামলাবে। আরেকটা দল ভেন্যু এবং অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করবে। বাংলাদেশ থেকে এই দ্বিতীয় দলের প্রতিনিধিত্ব করবেন মুন্না। তিনি মনে করেন প্রস্তুতিতে অন্য তিনটি দেশের চেয়ে বাংলাদেশ অনেকটা পিছিয়েই আছে, তবুও আশাবাদীই মনে হল তাকে, "বিশ্বকাপের জন্য ভেন্যু প্রস্তুতে যে বাজেট দরকার, তা দুই মাসের মধ্যে অনুমোদন পেয়ে গেলে আশা করি এক বছরের মধ্যেই সব তৈরি করে ফেলা যাবে। মিরপুর মাঠে যেমন ফ্লাডলাইট, জায়ান্ট স্ক্রিন ও গ্যালারি চেয়ার বসাতে হবে। আরো ২১টি কর্পোরেট বক্স বানাতে হবে। বাড়াতে হবে মিডিয়া সেন্টারের আসনসংখ্যাও। তাছাড়া এখানে নতুন উইকেটও বানাবো আমরা। সেজন্য অন্য তিনটি আয়োজক দেশ কিউরেটর পাঠিয়ে আমাদের সাহায্য করতে একবাক্যে রাজী হয়েছে।" আর্থিক সহযোগিতার বিষয়ে আইসিসির কাছ থেকেও সবুজ সংকেত পাওয়া গেছে বলে জানিয়েছেন মুন্না, "গত বিশ্বকাপের ভেন্যু প্রস্তুতিতে আইসিসির আর্থিক সহযোগিতা পেয়েছিল ওয়েষ্ট ইন্ডিজও। আমরাও চেয়েছি। এখনো কিছু চূড়ান্ত না হলেও আইসিসি বিষয়টা দেখবে বলে কথা দিয়েছে।" ক্যারিবিয়ানের নয়টি দেশে অনুষ্ঠিত বিশ্বকাপের সময় সবার সুবিধার্থে অভিন্ন 'ক্যারিকম' ভিসা চালু করেছিল দেশগুলোর সরকার। সিওসি'ও এবার ২০১১ বিশ্বকাপের আয়োজক দেশগুলোকে অভিন্ন 'সার্ক' ভিসা চালুর আহবান জানাবে বলেও নিশ্চিত করেছেন মাহবুব আনাম। ইতিমধ্যেই পাকিস্তানের লাহোরে আসন্ন বিশ্বকাপের 'ইভেন্ট সেক্রেটারিয়েট' খোলা হয়েছে। যেখানে মার্চে ইভেন্ট ম্যানেজার হিসেবে যোগ দিতে যাচ্ছেন সালমান বাট। তবে আয়োজক দেশগুলোকে নিজ নিজ দেশে 'এলওসি'ও (লোকাল অর্গানাইজিং কমিটি) গঠন করতে বলা হয়েছে আগামী আট সপ্তাহের মধ্যেই। প্রথমদিকে বোর্ড কর্মকর্তাদেরই কাউকে কাউকে নিয়োগ দেওয়া হবে এখানে যারা হবেন বেতনভোগী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৭৩৫ঘ.