জোহানেসবার্গ, ১৭ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দু বছর আগের অ্যাশেজই এখন রিকি পন্টিংয়ের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা। যে অনুপ্রেরণায় সতীর্থদের উজ্জীবিত করে দক্ষিণ আফ্রিকাকে আসন্ন টেস্ট সিরিজে হারাতে চাইছেন অস্ট্রেলীয় অধিনায়ক। মঙ্গলবার দল নিয়ে প্রোটিয়াদের মাটিতে পা রাখা পন্টিংয়ের আরেকটা লক্ষ্যও আছে। সেটা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে আইসিসি টেস্ট র্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রাখা।
২০০৫ সালে ক্রিকেট দুনিয়াকে বিস্মিত করে ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হেরে গিয়েছিল অস্ট্রেলিয়া। তবে প্রতিশোধ নিতে ভুল হয়নি পন্টিংয়ের দলের। ২০০৬-৭ মৌসুমে পরের অ্যাশেজেই নিজেদের মাঠে ইংলিশদের ৫-০তে হোয়াইটওয়াশ করেছিল তারা। একেবারে নির্মম প্রতিশোধ! সেই সুখকর অভিজ্ঞতার স্মৃতিচারণা করে পন্টিং বললেন, "আমার মনে আছে ২০০৫ সালে বহুদিন পর প্রথম বারের মতো অ্যাশেজ হেরে অস্ট্রেলিয়ায় ফিরে নিজেদের পুনর্গঠিত করেছিলাম আমরা। এরপর ইংল্যান্ড অস্ট্রেলিয়ায় গিয়েছিল ফেভারিট হিসাবে। কিন্তু তারা চাপ সামলে নিয়ে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি।"
এবারো অস্ট্রেলিয়ার সামনে অনেকটা একই পরিস্থিতি। কারণ গত মাসেই ঘরের মাঠে প্রথম বারের মতো প্রোটিয়াদের কাছে টেস্ট সিরিজে পরাজয়ের লজ্জায় ডুবেছে তারা। তাই দু বছর আগের অ্যাশেজের মতো ফিরতি সফরে দক্ষিণ আফ্রিকাকে 'বধ' করে শীর্ষস্থান ধরে রাখতে উদগ্রীব চাপের মধ্যে থাকা অস্ট্রেলিয়ার অধিনায়ক, "আমরা শ্রেষ্ঠত্বের স্বীকৃতি চাই। এক নম্বর জায়গা ধরে রাখা আমাদের কাছে অনেক বড় ব্যাপার। অস্ট্রেলিয়ায় নিজেদের সেরা খেলার ধারে-কাছেও যেতে পারিনি আমরা। আসলে আমরা একেবারে জঘন্য ক্রিকেট খেলেছি। আমাদের তাই (ভালো খেলার) ধারাবাহিকতা ধরে রাখা দরকার। অবশ্য চ্যালেঞ্জটার দিকে আমি অধীর আগ্রহে তাকিয়েও আছি।"
দক্ষিণ আফ্রিকায় পৌঁছে পন্টিংয়ের কণ্ঠ অনেকটাই বিনীত। অথচ সোমবার রওনা দেয়ার আগে সিডনিতে এক সংবাদ সম্মেলনে তিনিই বলেছিলেন এই সিরিজে ফেভারিটের মর্যাদা পাওয়ায় প্রোটিয়ারাই বেশি চাপের মধ্যে থাকবে। খুব সম্ভবত প্রতিপক্ষকে মানসিকভাবে চাপে রাখার জন্যই পন্টিংয়ের এমন দাবি। তবে ফেভারিটের মর্যাদাজনিত চাপ নিয়ে গ্রায়েম স্মিথ মোটেও চিন্তিত নন। প্রোটিয়া অধিনায়ক বরং মনে করছেন তার দল এই চাপ ভালোভাবে সামলে নিতে পারবে, "কোনো দক্ষিণ আফ্রিকান দলের জন্য এটা কিছুটা ব্যতিক্রমী ঘটনা তো বটেই। তবে একই সঙ্গে ব্যাপারটা দারুণ এক অনুভূতিরও জন্ম দিচ্ছে আমাদের মধ্যে। আমাদের প্রত্যেকের বহু ত্যাগ-তিতিক্ষার পুরস্কারই বলতে হবে একে।"
ক্রিকইনফোর সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২০৩০ঘ.
bdnews24