২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম দিনেই তিনশ পেরিয়ে গেল ইংল্যান্ড

কাগজে-কলমে তৃতীয় টেস্ট। কিন্তু আসলে এটা ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ। আসল 'দ্বিতীয়' টেস্ট যে ক্রিকেট-ইতিহাসের এক লজ্জাজনক অধ্যায়ের উদাহরণ! সেই লজ্জাকে পেছনে ফেলে রোববার থেকে অ্যান্টিগা রিক্রিয়েশন গ্রাউন্ডে শুরু হওয়া তৃতীয় টেস্টের প্রথম দিনটা শুধুই ইংল্যান্ডের। আরো নির্দিষ্ট করে বললে ইংলিশদের নতুন অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসের। তার ১৬৯ রানের দারুণ এক ইনিংসের কল্যাণে দিনশেষে সফরকারীদের সংগ্রহ ৩ উইকেটে ৩০১ রান। যে ইনিংসের সৌজন্যে প্রথম টেস্টে ইংল্যান্ডের মাত্র ৫১ রানে অলআউট হয়ে ইনিংস ব্যবধানে পরাজয়ের লজ্জাও অনেকখানি উধাও!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2009, 12:40 PM

Updated : 26 Aug 2022, 11:04 AM

সেন্ট জন্স, অ্যান্টিগা, ১৬ ফেব্রুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কাগজে-কলমে তৃতীয় টেস্ট। কিন্তু আসলে এটা ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ। আসল 'দ্বিতীয়' টেস্ট যে ক্রিকেট-ইতিহাসের এক লজ্জাজনক অধ্যায়ের উদাহরণ! সেই লজ্জাকে পেছনে ফেলে রোববার থেকে অ্যান্টিগা রিক্রিয়েশন গ্রাউন্ডে শুরু হওয়া তৃতীয় টেস্টের প্রথম দিনটা শুধুই ইংল্যান্ডের। আরো নির্দিষ্ট করে বললে ইংলিশদের নতুন অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসের। তার ১৬৯ রানের দারুণ এক ইনিংসের কল্যাণে দিনশেষে সফরকারীদের সংগ্রহ ৩ উইকেটে ৩০১ রান। যে ইনিংসের সৌজন্যে প্রথম টেস্টে ইংল্যান্ডের মাত্র ৫১ রানে অলআউট হয়ে ইনিংস ব্যবধানে পরাজয়ের লজ্জাও অনেকখানি উধাও! গত শুক্রবার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামের বালুতে ভরা, জঘন্য আউটফিল্ডের জন্য মাত্র ১০ বল পরই পরিত্যক্ত ঘোষিত হয়েছিল দ্বিতীয় টেস্ট। তড়িঘড়ি করে দুদিনের মধ্যে অ্যান্টিগার পুরনো টেস্ট ভেন্যুতে এই ম্যাচের আয়োজন করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লুআইসিবি)। ভিভ রিচার্ডস স্টেডিয়ামের কলঙ্কজনক অধ্যায়ের কারণে ঘরে-বাইরে অনেক সমালোচিত ডব্লুআইসিবি সেজন্য কিছুটা হলেও প্রশংসার দাবীদার। তবে সবচেয়ে বেশি প্রশংসা প্রাপ্য মাঠকর্মীদের। ৪৫ মিনিট দেরিতে হলেও তাদের প্রাণান্ত প্রচেষ্টার জন্যই আলোর মুখ দেখেছে তৃতীয় টেস্ট। অ্যান্টিগা রিক্রিয়েশন গ্রাউন্ডের সঙ্গে অনেক ব্যাটিং-বীরত্বের স্মৃতি জড়িয়ে। ব্রায়ান লারার অপরাজিত ৪০০ ও ৩৭৫ রানের দুটো অবিস্মরণীয় ইনিংস, ভিভ রিচার্ডসের মাত্র ৫৬ বলে দ্রুততম টেস্ট সেঞ্চুরির রেকর্ড, চার বছর আগে ক্রিস গেইলের ৩১৭ --- তালিকাটা অনেক দীর্ঘ। তবু টস জিতে প্রতিপক্ষকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক গেইল। সিদ্ধান্তটা নেয়ার জন্য আফসোসে রাতে বোধহয় তার ভালো ঘুম হয়নি! স্ট্রাউস আর অ্যালিস্টার কুকের ১২৩ রানের উদ্বোধনী জুটির মাধ্যমে ক্যারিবীয় বোলারদের দুর্দশার সূচনা। গেইল কুককে (৫২) ডেভন স্মিথের ক্যাচ বানিয়ে স্বাগতিকদের ব্রেক থ্রু এনে দেয়ার পর আরেকটি 'সেঞ্চুরি-পার্টনারশিপ'-এর জন্ম। এবং সেটা আগেরটার চেয়েও বড়! ইয়ান বেলের জায়গায় দলে আসা ওয়েইস শাহকে (৫৭) সঙ্গে নিয়ে যে জুটিতে ১৫৩ রান যোগ করেছেন স্ট্রাউস। জেরম টেলরের তৎপরতায় ওয়েইস শাহর রান আউটের মাধ্যমে ভেঙ্গেছে জুটিটা। সারা দিনে টেলরের এই একটাই অবদান। কারণ প্রথম টেস্টে ক্যারিবীয়দের জয়ের নায়ক রোববার একটাও উইকেট পাননি। কেভিন পিটারসেনকে নিয়ে দিনটা পার করার দিকেই এগোচ্ছিলেন ইংল্যান্ড অধিনায়ক। কিন্তু দিনের শেষভাগে তিনি নিজেই আউট হয়ে গেছেন ক্লান্তির কাছে হেরে। পুল করতে গিয়ে ফিডেল এডওয়ার্ডসের সহজ রিটার্ন ক্যাচে পরিণত হওয়া স্ট্রাউসের ২৭৮ বলের ইনিংসটা গড়ে উঠেছে ২৪ বাউন্ডারি ও ১ ছক্কায়। দিনশেষে পিটারসেন ৮ রানে অপরাজিত। ৩ রান নিয়ে তার সঙ্গে আছেন 'নাইটওয়াচম্যান' জেমস অ্যান্ডারসন। সংক্ষিপ্ত স্কোর : ইংল্যান্ড ১ম ইনিংস : ৩০১/৩ (স্ট্রাউস ১৬৯, কুক ৫২, ওয়েইস শাহ ৫৭, পিটারসেন ৮*, অ্যান্ডারসন ৩*, অতিরিক্ত ১২; টেলর ০/৩৭, এডওয়ার্ডস ১/৪১, পাওয়েল ০/৪০, গেইল ১/৩৫, বেন ০/৬২, হাইন্ডস ০/৫৯, ন্যাশ ০/২১) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৮৪০ঘ.