ঢাকা, ১৪ ফেব্রুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- জেতা ম্যাচ টাই করে প্রিমিয়ার লিগ অভিযান শুরু করা মোহামেডান তাদের তৃতীয় ম্যাচে এসে আবার হোঁচট খেয়েছে। শনিবার ওপেনার আরমান হোসেনের অপরাজিত সেঞ্চুরির সুবাদে মোহামেডানকে সহজেই ৮ উইকেটে হারিয়েছে ভিক্টোরিয়া। তবে দ্বিতীয় ম্যাচে গাজী ট্যাঙ্কের কাছে বাজেভাবে হেরে যাওয়া আবাহনী তৃতীয় ম্যাচে সহজ জয় পেয়েছে। ইয়াং পেগাসাসকে তারা হারিয়েছে ৬৯ রানে। এছাড়া পারটেক্স স্পোর্টিংকে ৭ উইকেটে হারিয়ে টানা তৃতীয় জয় পাওয়া বিমান উঠে গেছে পয়েন্ট তালিকার শীর্ষে।
মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামা মোহামেডান ওপেনার নাসিরুদ্দিন ফারুক (৬১), ভারতীয় ব্যাটসম্যান পঙ্কজ জোশি (৮২) ও ফয়সাল হোসেনের (৬৭) ফিফটিতে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ২৪২ রান। কিন্তু আরমানের বিধ্বংসী ব্যাটিংয়ে কখনোই এই সংগ্রহকে নিরাপদ বলে মনে হয়নি। অমিত মজুমদারের (২৯) সঙ্গে ৬১ রানের উদ্বোধনী জুটির পর দ্বিতীয় উইকেটে আশরাফুল আজিজকে (৫০) নিয়ে আরো একশো রান যোগ করেছেন আরমান। এরপর আকিল আরশাদের (৪৬*) সঙ্গে তার অবিচ্ছিন্ন ৮৩ রানের তৃতীয় উইকেট জুটি ৪০ বল আগেই জয়ের তীরে পৌছে দেয় ভিক্টোরিয়াকে। ছয় বাউন্ডারি ও দুই ছক্কায় ৯৯ বলে অপরাজিত ১০০ রানের ইনিংস খেলার পর আরমান ছাড়া আর কারোরই ম্যাচ সেরার পুরস্কার পাওয়ার কথা নয়।
নারায়ণগঞ্জের ফতুল্লা ওসমানী স্টেডিয়ামে আবাহনীর জয়ের নায়ক তাদের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। যদিও তার দল আগে ব্যাট করে খুব বেশি রান তুলতে পারেনি। ৪৭.২ ওভারে অলআউট হওয়ার আগে করেছে মাত্র ১৭৫ রান। সর্বোচ্চ ৩৭ রান এসেছে ভারতের সাবেক ওয়ানডে ক্রিকেটার বেনুগোপাল রাওয়ের ব্যাট থেকে। তবে অল্প রানের পুঁজি নিয়েও বর্তমান চ্যাম্পিয়নদের চিন্তায় পড়তে হয়নি। শুরুতেই ইয়াং পেগাসাসের ব্যাটিং মেরুদন্ড ভেঙ্গে দেন মাশরাফি ও তার নতুন বলের পার্টনার শুভাশিষ রায়। দু'জনে মিলে সাত উইকেট তুলে নেওয়ায় ৩৬.২ ওভারে ১০৬ রানে অলআউট হয়ে যায় পেগাসাস। শুভাশিষ একইসঙ্গে বেশ মিতব্যয়ীও ছিলেন। তার বোলিং ফিগারই সে কথা বলে দিচ্ছে : ১০-৩-১৬-৩। অবশ্য শিকারসংখ্যায় তার অধিনায়ক মাশরাফিই এগিয়ে, তিনি ২৫ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট। সুবাদে ম্যাচের সেরাও আবাহনী অধিনায়ক।
বিকেএসপিতে মাহবুুব আলম রবীনের বিধ্বংসী বোলিংয়ে (৪/২৪) বিমানের বিপক্ষে মাত্র ১৫৩ রানে গুটিয়ে যায় পারটেক্স। ৩০ রানে ২ উইকেট পাওয়া সাকিব আল হাসান পরে ৩৩.২ ওভারে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেওয়ায় রেখেছেন অগ্রণী ভূমিকা। ওপেনার জাভেদ ওমর ৪৭ রান করতে ১০৭ বল না লাগালে বিমানের জয়টা আরো আগেই আসতে পারতো। অবশ্য সাকিবের কারণে জয়ের জন্য খুব বেশিক্ষণ অপেক্ষাও করতে হয়নি বিমানকে। চার বাউন্ডারি ও তিন ছক্কায় অপরাজিত ৫১ রানের ইনিংসটা খেলতে ওয়ানডের সেরা অলরাউন্ডারের লেগেছে মাত্র ৪৬ বল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২০৫০ঘ.
bdnews24