জোহানেসবার্গ, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অধিনায়ক রিকি পন্টিং আর তার ডেপুটি মাইকেল ক্লার্কের শতরানের জুটি বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনে মান বাঁচিয়েছে অস্ট্রেলিয়ার। টস জিতে ব্যাট করতে নেমে দিনশেষে ৫ উইকেটে ২৫৪ রান তুলেছে সফরকারীরা।
অথচ ডেল স্টেইনের মারাত্মক বোলিংয়ে মাত্র ৩৮ রানেই তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়ানরা। চতুর্থ উইকেটে ১১৩ রানের জুটি গড়ে সেখান থেকে তাদের উদ্ধার করেছেন পন্টিং আর ক্লার্ক। ১৩৪ বলে ৮৩ রানের দারুণ এক ইনিংস খেলার পর মাখায়া এনটিনির বলে বোল্ড হয়ে পন্টিংয়ের বিদায়ে ভেঙেছে ওই জুটি। আর ৯০ বলে ৬৮ রান করে ক্লার্ক হয়েছেন স্টেইনের তৃতীয় শিকার।
তবে এরপর ষষ্ঠ উইকেটে ৭২ রানের অবিচ্ছিন জুটি গড়ে মার্কাস নর্থ (অপ. ৪৭) ও ব্র্যাড হ্যাডিন (অপ. ৩৭) পার করে দিয়েছেন দিনের বাকি সময়টুকু।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া : ৬৮ ওভারে ২৫৪/৫ (হিউজেস ০, ক্যাটিচ ৩, পন্টিং ৮৩, মাইক হাসি ৪, ক্লার্ক ৬৮, নর্থ ৪৭*, হ্যাডিন ৩৭*; স্টেইন ৩/৮২, এনটিনি ১/৫৩, মরনে মরকেল ১/৬৫)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১১০৭ ঘ.
bdnews24