নড়াইল, ৬ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- মাশরাফি বিন মর্তুজা ইন্ডিয়ান প্রিমিয়ার ক্রিকেট লীগে খেলার খবর নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেই নড়াইল শহরে শুরু হয়েছে আনন্দের বন্যা। নড়াইল এক্সপ্রেসের এ সাফল্যে শুক্রবার বিকেলের পর থেকে শহরের পাড়ায় পাড়ায় চলছে মিষ্টি বিতরণ। শহরের মহিষখোলা এলাকায় মাশরাফির পরিবার স্বাভাবিক কারণেই এই আনন্দের কেন্দ্রবিন্দুতে।
মাশরাফির গর্বিত পিতা গোলাম মর্তুজা স্বপন ও মা বলাকা মর্তুজা ছেলের এ সাফল্যে আত্মহারা। ''মাশরাফির মতো সন্তানের বাবা হতে পেরে যে কেমন গর্বিত হওয়া যায় তা আমি ছাড়া বোধ হয় আর কেউ উপলব্ধি করতে পারবে না।'' মা বলাকা মর্তুজাও সমান আনন্দিত। ছেলের সাফল্যে তিনি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নফল নামাজ পড়ে।
মাশরাফির সাফল্যের অন্যতম নেপথ্য নায়ক মামা নাহিদকে সন্ধ্যায় পাওয়া যায় শহরের একটি বড় মিষ্টির দোকানে। আত্মীয়-স্বজন আর শুভাকাঙ্খীদের মধ্যে মিষ্টি বিতরণের জন্য ব্যস্ত তিনি। মাশরাফির নিজের দল শুভেচ্ছা ক্রিকেট ক্লাবের মাশরাফির বন্ধুরাও ভীষণ খুশী। মাশরাফির বন্ধু ক্রিকেটার রাজু, তাজুল, সাজু, অসীম, পলাশ ও বাবলুর বিশ্বাস, মাশরাফি বরাবরের মতো আইপিএল-এ ভাল খেলে দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসবে। এবং তার সাফল্যের প্রভাবে নড়াইলে আরও ভাল ক্রিকেটার তৈরি হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএম/২১৫০ঘ.
bdnews24