পার্থ, ১ ফেব্রুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ আফ্রিকার কাছে ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষস্থান হাতছাড়া হওয়ার দুঃখ ভুলতে না ভুলতেই অস্ট্রেলীয় ক্রিকেটের জন্য আরেকটি ধাক্কা! রোববার ৫ ম্যাচ সিরিজের প্রথমটিতে শেষ বলের নাটকীয়তায় নিউজিল্যান্ডের কাছে ২ উইকেটে হেরে গেছে অস্ট্রেলিয়া।
পার্থের ওয়াকা মাঠে টস জিতে ব্যাট করতে নামা স্বাগতিকদের শুরুটা মোটেও ভালো হয়নি। নিউজিল্যান্ডের উদ্বোধনী বোলার কাইল মিলসের তোপ আর ব্যাটসম্যানদের রান আউট হওয়ার বোকামির যোগফলে ৫৪ রানে ৫ উইকেট হারিয়ে ভীষণ বিপদ পড়ে যায় তারা। তবে মাইক হাসির ৪৯, ব্র্যাড হ্যাডিনের ৩১ এবং শেষ দিকে মিচেল জনসনের ২০ রানের সুবাদে ৪৮.৪ ওভারে অলআউট হওয়ার আগে ১৮১ রান করতে পেরেছে অস্ট্রেলিয়া। ৩৫ রানে ৪ উইকেট নিয়েছেন মিলস।
জবাব দিতে নেমে নিউজিল্যান্ডও বিপদে পড়ে যায় শুরুতেই। ২৫ রানে তৃতীয় ও ৬৪ রানে চতুর্থ উইকেট হারানোর ফলে পরাজয়ের আশঙ্কা ভালোমতোই চেপে ধরেছিল তাদের। কিন্তু রস টেলরের ৬৪, নিল ব্র"মের ২৯ ও মিলসের ২৬ রানের তিনটি দায়িত্বপূর্ণ ইনিংস ম্যাচে ফিরিয়েছে কিউইদের। তারপরও জয় নিয়ে সংশয় দূর হয়নি। কারণ শেষ দিকে একের এক উইকেটের পতন। তবে তাসমান প্রতিবেশীদের শেষ হাসি হাসতে দেননি ড্যানিয়েল ভেট্টোরি। নাথান ব্র্যাকেনের করা ইনিংসের শেষ বলে সিঙ্গেল নিয়ে দলকে মধুর এক জয় এনে দিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক।
ব্যাটিং-বোলিং দু বিভাগেই উজ্জ্বল পারফরম্যান্সের সুবাদে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন মিলস। সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার, মেলবোর্নে।
সংক্ষিপ্ত স্কোর :
অস্ট্রেলিয়া : ৪৮.৪ ওভারে ১৮১ (মার্শ ১৫, ওয়ার্নার ৭, পন্টিং ৫, ক্লার্ক ১২, ডেভিড হাসি ১৩, মাইক হাসি ৪৯, হ্যাডিন ৩১, হোপস ১৮, জনসন ২০, ব্র্যাকেন ০, টেইট ৯*, অতিরিক্ত ২; মিলস ৪/৩৫, সাউদি ১/৩৪, ও' ব্রায়েন ২/৪৩, ভেট্টোরি ০/২২, প্যাটেল ১/৪৭)
নিউজিল্যান্ড : ৫০ ওভারে ১৮২/৮ (ম্যাককালাম ০, গুপটিল ১৩, ফুলটন ৭, টেলর ৬৪, এলিয়ট ৮, ব্র"ম ২৯, মিলস ২৬, ভেট্টোরি ৭*, সাউদি ৩, প্যাটেল ২*, অতিরিক্ত ২৩; টেইট ২/৪০, ব্র্যাকেন ৩/৩৫, জনসন ১/৩৪, হোপস ১/২৩, ক্লার্ক ১/১৮, ডেভিড হাসি ০/২০)।
ফল : নিউজিল্যান্ড ২ উইকেটে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ : কাইল মিলস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২০১৫ঘ.
bdnews24