ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ত্রিদেশীয় সিরিজ ঘনিয়ে এলেও এখনও ১৪ সদস্যের চূড়ান্ত দল ঠিক করতে পারেননি নির্বাচকরা। কবে নাগাদ দল ঘোষণা হবে সোমবার তা-ও জানাতে পারেননি প্রধান নির্বাচক রফিকুল আলম।
অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবং ওপেনার তামিম ইকবালকে পর্যবেক্ষণের সুযোগ দেয়ার কারণেই এই এখনি দল চূড়ান্ত করা যাচ্ছে না বলে জানিয়েছেন রফিকুল আলম। তবে তার আশা, দু'একদিনের মধ্যেই এই দুই ক্রিকেটারের ফিটনেস এবং পারফর্মেন্সের প্রতিবেদন পাওয়ার যাবে।
মাশরাফি এবং তামিমের চোট সম্পর্কে প্রতিবেদন দেবেন ফিজিও মাইকেল হেনরি। আর পারফর্মেন্স নিয়ে প্রতিবেদন দেবেন প্রধান কোচ জেমি সিডন্স ও বোলিং কোচ চম্পকা রমানায়েকে।
দীর্ঘ ছয় মাস পর মাঠে ফিরে এখনো পুরোদমে বল করার মতো শারীরিক অবস্থা ফিরে পাননি মাশরাফি। অন্যদিকে জিম্বাবুয়ে সিরিজের পর হাতের চোট নিয়ে দু'দিন আগেও বিশ্রামে ছিলেন তামিম ইকবাল। সোমবার প্রীতি ম্যাচ খেলতে নেমে ৪ রান করেই আউট হয়ে যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/০০০৫ ঘ.
bdnews24