২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেন্ডুলকারের সেঞ্চুরি মিস, তোপের মুখে কার্তিক

চার-ছক্কা মেরে সবাই আনন্দে মাতেন অথচ দীনেশ কার্ত্তিক কিনা লজ্জায় ম্রীয়মান, অনুতাপে অবনত! কারণ আছে। শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ম্যাচে মাত্র ৪ রানের জন্য হাতছাড়া হয়েছে শচীন টেন্ডূলকারের ৪৬ তম ওয়ানডে সেঞ্চুরি। তার জন্য দায়ী করা হচ্ছে কার্ত্তিককেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2009, 03:26 PM

Updated : 26 Aug 2022, 12:31 PM

ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- চার-ছক্কা মেরে সবাই আনন্দে মাতেন অথচ দীনেশ কার্ত্তিক কিনা লজ্জায় ম্রীয়মান, অনুতাপে অবনত! কারণ আছে। শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ম্যাচে মাত্র ৪ রানের জন্য হাতছাড়া হয়েছে শচীন টেন্ডূলকারের ৪৬ তম ওয়ানডে সেঞ্চুরি। তার জন্য দায়ী করা হচ্ছে কার্ত্তিককেই। সোমবার কটকে ৪১তম ওভারে ছক্কা এবং পরের ওভারে চার মেরে ম্যাচ শেষ করে দেন ধোনির দু ম্যাচের নিষেধাজ্ঞার কারণে সুযোগ পাওয়া দীনেশ কার্ত্তিক। অথচ টেন্ডুলকার তখন ৯৬ রানে অপরাজিত। ভারত ৭ উইকেটে ম্যাচ জিতে সিরিজে ২-১-এ এগিয়ে গেলেও সমর্থকদের কাছে তাই সে আনন্দ অনেকটাই ফিকে হয়ে যায়। সমালোচনার তীর ছুটতে থাকে কার্ত্তিকের দিকে। ভারতের সাবেক ক্রিকেটাররা নেমে পড়েন সমালোচনায়। সবাই সমালোচনা মুখর। বলতে গেলে সবারই এক কথা, উইকেটকিপার ব্যাটসম্যান কার্ত্তিকের ম্যাচের এতগুলো বল বাকি থাকতে জয়ের জন্য এত অস্থির হয়ে টেন্ডুলকারকে সেঞ্চুরি-বঞ্চিত করা ঠিক হয়নি। ভারতের সাবেক স্পিনার বাপু নাদকার্নি ৪২ তম ওভারে গ্লান্স করে মারা কার্ত্তিকের বাউন্ডারিকে আমলে না নিলেও আগের ওভারের ছক্কাটাকে মেনেই নিতে পারছেন না। তার প্রশ্ন, 'ম্যাচের ওই পর্যায়ে এমন শট খেলার কী দরকার ছিল?' আরেক সাবেক টেস্ট ক্রিকেটার চান্দু বোর্দে অবশ্য কার্ত্তিকের অসময়ে অহেতুক আক্রমণাত্মক হয়ে ওঠাকে 'অনিচ্ছাকৃত এবং অনভিজ্ঞতাপ্রসূত' বলে টেন্ডুলকারের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। ওদিকে আব্বাস আলী বেগ মনে করেন, ওই ছক্কা বা চার মারার আগে থেকেই কার্ত্তিকের উচিত ছিল টেন্ডুলকারকে বেশি করে স্ট্রাইক দেয়ার চেষ্টা করা। তবে তার ধারণা কার্ত্তিক নিশ্চয়ই টেন্ডুলকারের পরামর্শেই একটু বেশি চালিয়ে খেলেছেন, "আমি নিশ্চিত দীনেশ নিশ্চয়ই টেন্ডুলকারের কাছে তার করণীয় সম্পর্কে জানতে চেয়েছিল। টেন্ডুলকার নিশ্চয়ই তাকে (কার্ত্তিক) স্বাভাবিক খেলা খেলতে বলেছে।" ভারতের সাবেক উদ্বোধনী ব্যাটসম্যান চেতন চৌহান ওসব একেবারেই ভাবছেন না। তার একমাত্র আফসোস, সেঞ্চুরিটা প্রাপ্য ছিল টেন্ডুলকারের অথচ সতীর্থের কাণ্ডজ্ঞানহীনতায় তা হাতছাড়া হলো। আরেক উদ্বোধনী ব্যাটসম্যান এবং ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার অবশ্য টেন্ডুলকারকেও কিছুটা দায়ী করেছেন। তাঁর মতে, টেস্ট ও ওয়ানডের সবচেয়ে বেশি সেঞ্চুরি ও রানের মালিকের আরো আগেই হাত খুলে মারা উচিত ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/২১২৩ ঘ.