ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট সুপার লিগে ইস্কাটন সবুজ সংঘ ও সিটি ক্লাবের ম্যাচটি টাই হয়েছে। উত্তেজনায় ঠাসা ম্যাচটিতে আগে ব্যাট করে ইস্কাটন সাদ্দামের ঝড়ো শতকে নির্ধারিত ৫০ ওভারে ২৯৫ রান তোলে। জবাবে ৪৬.৫ ওভারে ২৯৫ রানে থেমে যায় সিটির ইনিংস।
উদ্বোধনী ব্যাটসম্যান সাদ্দাম খানের ১০৭ বলে ১২৪ রানের সুবাদে ২৯৫ করে ইস্কাটন। ১৪টি চার ও দুটি ছক্কা দিয়ে তিনি তার ইনিংসটি সাজান। এছাড়া মাহফুজুর রহমান ৪৫ ও সাখাওয়াত হোসেন ৩৬ রান করেন। শিমুল, ইসহাক, হাফিজ ও রাজিউল আহসান দুটি করে উইকেট নেন।
জবাবে সিটি ক্লাবের রবিউল ও ইফতেখারুল ইসলামের অর্ধশতকের ওপর ভর করে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় সিটি ক্লাব। কিন্তু সাদ্দাম ইফতেখারকে আউট করে দশম উইকেট তুলে নিলে ম্যাচটি টাই হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২১০৬ ঘ.
bdnews24