ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) আগের ম্যাচে মোহামেডান হারায় এবং আবাহনী জেতায় জমে গিয়েছিল ইস্পাহানি চা প্রিমিয়ার ক্রিকেটের সুপার লিগ পর্ব। উভয় দলই শুক্রবারের ম্যাচে জয় পাওয়ায় ১৫ ম্যাচে মোহামেডানের সংগ্রহ ২৭ পয়েন্ট, সমসংখ্যক ম্যাচে আবাহনীর ২৬। লিগে দুই দলেরই একটি করে ম্যাচ বাকি। ২১ ডিসেম্বর নিজেদের শেষ ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে ঘরোয়া লিগের এ দুই চিরপ্রতিদ্বন্দ্বি । যেু ম্যাচ শেষেই নির্ধারিত হবে শিরোপা জয়ী দল। ফলে আবাহনী- মোহামেডানের ম্যাচটিই হতে যাচ্ছে অলিখিত 'ফাইনাল'। সুপার লিগে দিনের অপর ম্যাচে জিতেছে বিমান।
ফতুল্লায় আবাহনী ৪ উইকেটে হারিয়েছে ক্রিকেট কোচিং স্কুলকে (সিসিএসকে)। মোহামেডান ৫ উইকেটে জিতেছে কলাবাগানের বিপক্ষে। দিনের অপরম্যাচে বিমান ৮ উইকেটে ভিক্টোরিয়াকে হারায়।
৯৩ রানেই ৫ উইকেট ফেলে দিয়ে শিরোপা প্রত্যাশী আবাহনীর ভীত কাঁপিয়ে দিয়েছিল সিসিএস। ১৭৩ রানের লক্ষ্যই আবাহনীর জন্য বহু দূরের রাস্তা হয়ে উঠছিল। তবে ব্যাট হাতে আবাহনীকে সম্ভাব্য বিপদ থেকে রক্ষা করেন বহু পরীক্ষিত আবদুল রাজ্জাক (৭১)। এ পাকিস্তানী ক্রিকেটারের অলরাউন্ড নৈপূণ্যে সিসিএসের বিপক্ষে প্রত্যাশিত জয় তুলে নেয় আবাহনী। উত্তম সরকারের দুর্দান্ত ব্যাটিং (৭৫) সত্ত্বেও নাসির ও আবদুল রাজ্জাকের বোলিংয়ে আগে ব্যাট করা সিসিএসকে ৪৪.২ ওভারে মাত্র ১৭২ রানেই থামিয়ে দিয়েছিল আবাহনী। নাসির হোসেন ৩৮ রানে ৪ উইকেট নেন। রাজ্জাক নেন ৩টি।
স্পিনার সাকলায়েন সজিবের ঘুর্ণি জাদুতে মিরপুরে ৩৪ ওভারে মাত্র ১২০ রানেই গুটিয়ে যায় কলাবাগানের ইনিংস। কলাবাগানের পক্ষে সর্বোচ্চ ইনিংসটি খেলেন ফরিদউদ্দিন মাসুদ (৩২অপ:)। সজিব ৩৬ রানে ৫ উইকেট নেন। সহজ লক্ষ্যে খেলতে নামা মোহামেডান শুভ ও আশরাফুলের ব্যাটে ৩০.৪ ওভারেই জয় তুলে নেয়। শুভ ৪৩ ও আশরাফুল ২৭ রান করেন। এনামুল জুনিয়র ২৫ রানে ৩ উইকেট নেন।
ধানমন্ডি ক্রিকেট মাঠে দিনের সবচে বড় জয়টি তুলে নেয় বিমান। শফিউল ইসলাম ও মোশাররফ হোসেনের বলে ৩৪ ওভারে মাত্র ৯৪ রানেই ভিক্টোরিয়ার ইনিংসে যতি চিহ্ন পড়ে। শফিউল ও মোশাররফ ৪টি করে উইকেট নেন। এছাড়া ইলিয়াস সানি ২ উইকেট পান। জবাবে মুশফিকুর রহিম ও জহুরুলের ব্যাটে ১৮.৪ ওভারেই লক্ষ্য অতিক্রম করে বিমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস
bdnews24