২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বোলিঙ্গার ৫ উইকেট, ক্যালিপসো ছন্দে দিশেহারা অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় টেস্টের প্রথমদিনে মাত্র ৩ উইকেট পড়ায় পার্থের উইকেট মনে হয়েছিল ব্যাটিং স্বর্গ। দ্বিতীয় দিনে মোট ৬টি উইকেট পড়লেও ব্যাটিং পিচের ধারণা পাল্টায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2009, 01:46 PM

Updated : 26 Aug 2022, 12:30 PM

ঢাকা, ১৮ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় টেস্টের প্রথমদিনে মাত্র ৩ উইকেট পড়ায় পার্থের উইকেট মনে হয়েছিল ব্যাটিং স্বর্গ। দ্বিতীয় দিনে মোট ৬টি উইকেট পড়লেও ব্যাটিং পিচের ধারণা পাল্টায়নি। কিন্তু তৃতীয় দিনে পাল্টে যায় পিচের চরিত্র। উইকেট পড়ে মোট ১৬টি! দ্বিতীয় ইনিংসে ১৩৭ রান তুলতেই অস্ট্রেলিয়া উইকেট হারায় ৮টি। তারপরও অস্ট্রেলিয়া এগিয়ে আছে ৩৪৫ রানে। হাতে আছে দুই উইকেট। উইকেটে আছেন নাথান হরিটজ, ১১ রান নিয়ে। সঙ্গে আছেন ক্লিন্ট ম্যাকেই (১)। দুই উইকেটে ২১৪ রানে দ্বিতীয় দিন শেষ করলেও তৃতীয় দিন ক্যারিবিয়রা নিজেদের আর খুঁজে পায়নি। ডোগ বলিঙ্গার ৭০ রানে ৫ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ে ধস নামান। তাকে যোগ্য সমর্থন দেন নাথান হরিটজ। ৬৬ রানে তিন উইকেট নেন তিনি। বেন্ডান ন্যাশ ৪৪ ও ডোয়াইন ব্রাভো ২৬ রান করার পরও ৩১২রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। মাত্র ৯৮ রান তুলতেই শেষ ৮ উইকেট হারায় তারা। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের কেউই কোন সুবিধা করতে পারেননি। ব্রাভো ও সুলেইমান বেনের ক্যালিপসো ছন্দে দিশেহারা হয়ে পড়েন তারা। নিয়মিত বিরতিতে সাজঘরে ফিরতে থাকেন ব্যাটসম্যানরা একের পর এক। স্বাগতিক ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি ৩০ রান করেন শেন ওয়াটসন। ব্রাভো ৩৪ রানে তিনটি ও সুলেইমান ২৬ রানে দুই উইকেট নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/১৯২৬ ঘ.