২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গেইলের সেঞ্চুরিতে ভালোই জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

পার্থ টেস্টে রানের বিশাল পাহাড় গড়ে তুলেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংস ঘোষণা করেছে ৭ উইকেটে ৫২০ রানে। তবে ভালোই জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক ক্রিস গেইলের পঞ্চম দ্রুততম সেঞ্চুরির সুবাদে বৃহস্পতিবার দ্বিতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ রান তুলেছে ২ উইকেটে ২১৪। এখনো পিছিয়ে আছে ৩০৬ রানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2009, 01:18 PM

Updated : 26 Aug 2022, 12:30 PM

পার্থ, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পার্থ টেস্টে রানের বিশাল পাহাড় গড়ে তুলেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংস ঘোষণা করেছে ৭ উইকেটে ৫২০ রানে। তবে ভালোই জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক ক্রিস গেইলের পঞ্চম দ্রুততম সেঞ্চুরির সুবাদে বৃহস্পতিবার দ্বিতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ রান তুলেছে ২ উইকেটে ২১৪। এখনো পিছিয়ে আছে ৩০৬ রানে। উইকেটে আছেন রামনরেশ সারোয়ান ৪২ রান নিয়ে। তাকে সঙ্গ দিচ্ছেন নরসিং দেওনারায়ন (১০)। পার্থে ৩ উইকেটে ৩৩৯ রান নিয়ে খেলতে নেমেই শুরুতেই হোঁচট খায় অস্ট্রেলিয়া। আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান মাইক হাসি তার ৮১ রানের সঙ্গে ১ রান যুক্ত করেই রবি রামপলের বলে উইকেটের পেছনে দিনেশ রামদিনের হাতে ধরা পড়ে বিদায় নেন। এরপর মার্কাস নর্থ ও ব্রাড হ্যাডিন ৮৯ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নেন অনেকখানি। দলীয় ৪৪৪ রানে মার্কাস নর্থ কট অ্যান্ড বোল্ড হওয়ার আগে ৮টি চারের সাহায্যে করেন ৬৮ রান। তবে ব্রাড হ্যাডিন ক্যারিবীয় বোলারদের বেধড়ক পিটুনি দিতে থাকেন। মাত্র ৯১ বলে রান করেন ৮৮। মাত্র ১২ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন তিনি। এছাড়া ৩৫ রান করে মিচেল জনসন ৫২০ রানের মাথায় আউট হন। এরপর দলীয় রানের সঙ্গে দশ রান যোগ হতেই ৫২০ রানে ইনিংস ঘোষণা করেন অসি অধিনায়ক রিকি পন্টিং। প্রথমদিন ব্যাট করার সময় চোট পেয়ে মাঠের বাইরে চলে যাওয়ার পর দ্বিতীয় দিন আর মাঠে নামতে পারেননি তিনি। ওয়েস্ট ইন্ডিজ বোলারদের মধ্যে কেমার রোচ ও দেওনারায়ন দু'টি করে উইকেট নেন। জবাব দিতে নেমেই ক্রিস গেইল তার ব্যাটে ক্যালিপসো সুর তুলতে থাকেন। অসি বোলারদের একেবারে মাটিতে নামিয়ে আনেন তিনি।৯টি চার ও ৬টি ছক্কার সাহাযে ১০২ রান করেন তিনি মাত্র ৭২ বলে। অর্ধশতকে পৌঁছান ৩৪ বলে। অপর উদ্বোধনী ব্যাটসম্যান ট্রাভিস ডাওলিন ধীর-স্থিরভাবে খেলে ১১৬ বলে করেন ৫৫। অসি বোলারদের একটি করে উইকেট নিয়েছে ডোগ বোলিংগার ও মিচেল জনসন। তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি জিতে অস্ট্রেলিয়া ১-০ তে এগিয়ে আছে। দ্বিতীয় টেস্টটি ড্র হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮০০ ঘ.