২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানের কাছে হেরে লিগ জমিয়ে তুললো মোহামেডান

ইস্পাহানি চা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের সুপার লিগে মঙ্গলবার বড় ধাক্কা খেয়েছে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা মোহামেডান স্পোর্টিং।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2009, 05:23 PM

Updated : 26 Aug 2022, 12:29 PM

ঢাকা, ১৫ ডিসেম্বর(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইস্পাহানি চা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের সুপার লিগে মঙ্গলবার বড় ধাক্কা খেয়েছে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা মোহামেডান স্পোর্টিং। প্রথম রাউন্ডে খেলাঘরের পর সুপার লিগে শিরোপা প্রত্যাশীদের ১১২ রানে হারিয়ে দ্বিতীয় ধাক্কাটি দিয়েছে বিমান বাংলাদেশ। দিনের আরেক ম্যাচে আবাহনী ৬৪ রানে কলাবাগানকে হারিয়ে মোহামেডানের সঙ্গে ব্যবধান একপয়েন্টে নামিয়ে এনেছে। আবাহনীর জয়ের দিনে চিরপ্রতিদ্বন্দ্বীদের হার দারুণ জমিয়ে তুলেছে এবারের লিগকে। অথচ বিমানের সঙ্গে জিতলে শিরোপা জয়ের আনন্দ শুরু করতে পারতো মোহামেডান। সুপার লিগে বাকি দু ম্যাচের একটিতে জিতলেই আবাহনীকে পেছনে রেখে শিরোপা জিতে যেতো তারা। সেটি হতে দিলেননা তুষার ইমরান, ইলিয়াস সানিরা। শিরোপা জিততে হলে এখন দু ম্যাচেই জিততে হবে মোহামেডানকে। চমৎকার আবহাওয়ার কারণে সুপার লিগে এই প্রথম দিনের দুটি ম্যাচই পুরো ৫০ ওভারের হয়েছে। মিরপুরে টস জিতে তুষার ইমরানের ৭টি চার ও ১টি ছক্কায় সাজানো ৮৩ রানের দুর্দান্ত ইনিংসটিতে ভর করে ৬ উইকেটে ২৪৪ রান করে বিমান। রানা নাভেদ ও নাবিল সামাদ দুটি করে উইকেট নিয়ে মোহামেডানের জন্য জয়ের লক্ষ্যটাকে আর বড় হতে দেননি। জবাবে ইলিয়াস সানির বোলিংয়ে ৩৪.৩ ওভারে ১৩১ রানেই গুটিয়ে যায় আশরাফুল, তামিম ইকবালদের দল। ৩৬ রানে ৬ উইকেট নিয়েছেন সানি। এমন অবিশ্বাস্য বোলিংয়ের ম্যাচ সেরার পুরস্কারও পেয়েছেন তিনি। ফতুল্লায় আবাহনী ওপেনার ইমরুল কায়েসের দুর্দান্ত শতকে ৪৯.৩ ওভারে অলআউট হয় ২৫৪ রান তুলে। ইমরুল করেন ১২৯। আরিফুল হক, ফরিদউদ্দিন মাসুদ, এনামুল হক ও নাজমুস সাদাত দুটি করে উইকেট নেন। জবাবে অধিনায়ক জাভেদ ওমর বেলিম অপরাজিত ৫৪ রান করায় কলাবাগান ৪৯.৫ ওভারে ১৯০ রানে অলআউট। নইলে পরাজয়ের ব্যবধান হয়তো আরো বড় হতো। সাকিব আল হাসান ৩টি ও মোহাম্মদ রফিক দুটি উইকেট নিয়ে আবাহনীকে সে স্বপ্নই দেখাচ্ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/এসি/২৩১৮ ঘ.