ন্যাপিয়ার, ১৫ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বৃষ্টির কল্যাণে ন্যাপিয়ার টেস্টে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে নিউজিল্যান্ডকে। সেই সঙ্গে প্রতিপক্ষ পাকিস্তানও রক্ষা পেয়েছে সম্ভাব্য অস্বস্তি থেকে।
৪৩ ওভারে ২০৮ রানের জয়ের লক্ষ্য পেয়ে শুরু থেকেই মেরে খেলতে শুরু করেন কিউই ব্যাটসম্যানরা। মাত্র ১৯ ওভারে ৯০ রান তুলে নিউজিল্যান্ডের উদ্বোধনী জুটি জয়ের সম্ভাবনা জাগিয়ে তুলেছিলেন।
টিম ম্যাকিনটস ধীরগতিতে ২৪ রান তুললেও অপর ওপেনার জন ওয়াটলিং ঝড়ের বেগে ৬০ রান তুলে নেন। কিন্তু বৃষ্টি এসে তাদের সব সম্ভাবনাই ধুয়ে মুছে দেয়।
এর আগে সকালে ৪৫৫ রানে থেমে যায় পাকিস্তানের দ্বিতীয় ইনিংস। কামরান আকমল ৫৬ রানে অপরাজিত থাকেন।
নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ৪৭১ রান করেছিল পাকিস্তানের ২২৩ রানের প্রথম ইনিংসের জবাবে।
ম্যাচসেরার পুরস্কার পান নিউজিল্যান্ড অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি।
সিরিজের ৩য় এবং শেষ টেস্টটি ড্র হওয়ায় তিন ম্যাচের সিরিজও ১-১ ব্যবধানে অমীমাংসিত থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএমএইচ/১৪৪৩ ঘ.
bdnews24