২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সহজ জয় পেলো কলাবাগান, সূর্যতরুণ

সুপার লিগের দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ালো কলাবাগান। বিমানের কাছে আগের ম্যাচে হেরেছিল, তবে রোববার ৮৪ রানে হারিয়েছে তারা ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস)-কে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2009, 04:43 PM

Updated : 26 Aug 2022, 12:28 PM

ঢাকা, ১৩ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- সুপার লিগের দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ালো কলাবাগান। বিমানের কাছে আগের ম্যাচে হেরেছিল, তবে রোববার ৮৪ রানে হারিয়েছে তারা ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস)-কে। দিনের অন্য ম্যাচে ওপেনার ইমতিয়াজের দুর্দান্ত ব্যাটিংয়ে পারটেক্সের বিপক্ষে ৭ উইকেটের জয় তুলে নেয় সূর্যতরুণ ক্লাব। রোববারও কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে দুটো ম্যাচই ৫০ ওভার থেকে কমিয়ে আনা হয়। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ওপেনার রকিবুল হাসান ও জাভেদ ওপর বেলিমের বড় ইনিংসের সুবাদে নির্ধারিত ৪০ ওভারে ৬ উইকেটে ২৫৬ রান করে কলাবাগান। ৮৩ রানের ইনিংসে ৫টি চার ও দুটি ছক্কা মারেন রকিবুল। জাভেদ ওমর ৫ চার ও এক ছয়ের সাহায্যে করেন ৭০ রান। সিসিএস-এর সফলতম বোলার তাপস ঘোষ, ৪৯ রানে তিন উইকেট নেন তিনি। জবাবে ব্যাটসম্যানদের ব্যর্থতায় নির্ধারিত ওভারে ৯ উইকেটে টেনেটুনে ১৭২ রান করে সিসিএস। দলের ৭ ব্যাটসম্যানই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। বড় ব্যতিক্রম নাজমুল, তার ৬১ রানের ইনিংসটিই সিসিএসকে সম্মানজনক স্কোর এনে দেয়। এছাড়া তাপস ঘোস করেন ৪৫ রান। জাহিদ মাত্র ৫ রানে তিন উইকেট নিয়ে সিসিএসের ব্যাটিং লাইনআপে ভূমিধস ঘটান। এছাড়া শফিকুল ও ফরিদউদ্দিন দুটি করে উইকেট পান। বিকেএসপিতে ৩৪ ওভারে অনুষ্ঠিত দিনের অপরম্যাচে পারটেক্স মেহরাবের ৮০ রানের সুবাদে নির্ধারিত ওভারে আট উইকেটে ১৪৭ রান করে। মাহবুবুল আলম একাই ৪ উইকেট নিয়ে সবচেয়ে বড় সর্বনাশ করেন পারটেক্সের। এছাড়া মঞ্জুরুল ও সানজামুল নেন দুটি করে উইকেট। জবাবে দুই ওপেনার ইমতিয়াজ ও জুনায়েদ সিদ্দিকীর ব্যাটে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় সূর্যতরুণ। ইমতিয়াজ অপরাজিত ৬৪ ও জুনায়েদ ৪৮ রানের চমৎকার দুটি ইনিংস খেলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/এসি/২২৪৫ ঘ.