ন্যাপিয়ার, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরির সেঞ্চুরিতে ন্যাপিয়ার টেস্টের দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের বিপক্ষে ১২৩ রানে এগিয়ে আছে নিউজিল্যান্ড।
তিন ম্যাচের টেস্ট সিরিজের এ শেষ টেস্টে পাকিস্তানের ২২৩ রানের প্রথম ইনিংসের জবাবে নিউজিল্যান্ড এরই মধ্যে ৬ উইকেটে ৩৪৬ রান করেছে।
ভেট্টোরি ১০০ এবং ড্যারিল টাফি ১৩ রানে ব্যাট করছেন।
এর আগে সকালে বিনা উইকেটে ৪৭ রান নিয়ে খেলতে নেমে নিউজিল্যান্ড শুরুতেই পাক পেসার মোহাম্মদ আসিফের তোপে পড়ে। আসিফ কিউই উদ্বোধনী ব্যাটসম্যান জন ওয়ালটিংকে (১৮) উইকেটরক্ষক কামরান আকমলের ক্যাচ বানান।
এরপর স্পিনার দানিশ কানেরিয়া তার ঘূর্ণিবলে মার্টিন গুপ্টিল (১৩), রস টেলর (২১), টিম ম্যাকিনটস (৭৪) ও ড্যানিয়েল ফ্লিনকে (৫) সাজঘরে ফেরালে পাকিস্তান দারুণভাবে ম্যাচে ফেরে।
তবে ১৪৫ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়া নিউজিল্যান্ডকে এ সময় টেনে তোলেন অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি ও ব্রেন্ডন ম্যাককালাম। ১৮৬ রানের জুটি গড়ে দলকে বিপর্যয় থেকে রক্ষার পাশাপাশি শক্ত অবস্থানে নিয়ে যান তারা।
ম্যাককালাম (৮৯) শতক থেকে ১১ রান আগে উমর গুলের শিকার হলেও ভেট্টোরি ঠিকই ৯ চার এবং ১ ছক্কায় ক্যারিয়ারের চার নম্বর সেঞ্চুরিটি পূর্ণ করেন।
তিন ম্যাচ সিরিজে দু দলই একটি করে টেস্ট জেতায় সিরিজ ১-১ ব্যবধানে অমীমাংসিত রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/১৪৩৯ ঘ.
bdnews24