ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় ক্রিকেট দলের স্পন্সর হতে গ্রামীণফোন ছাড়া কেউ আগ্রহই দেখায়নি। বিজ্ঞাপন দিয়ে স্পন্সর আহবান করা হলেও বৃহস্পতিবার দরপত্র জমা দিয়েছে শুধু পুরনো স্পন্সর গ্রামীণফোন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)'র ঠিক করে দেয়া অঙ্কের চেয়ে বেশ কম মূল্য টাকার উল্লেখ করে দরপত্র জমা দেয় তারা। টাকার পরিমাণ বিসিবির মার্কেটিং কমিটির প্রধান আজিজ আল কায়সার টিটো জানাননি। দু বছরের জন্য নূন্যতম ১২ কোটি টাকা চেয়ে দরপত্র আহবান করেছিল বিসিবি।
বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোরকে টিটো বলেন,"আমরা গ্রামীণফোনের সঙ্গে আলোচনা করেই টাকা বাড়িয়ে নেয়ার চেষ্টা করবো। আশা করি, তারা ১২ কোটির চেয়ে বেশিই দেবে।"
গ্রামীণফোনের সঙ্গে জাতীয় দলের স্পন্সর হিসেবে দু বছরের চুক্তির মেয়াদ শেষ হবে ১৫ ডিসেম্বর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/ ২২৩৪ ঘ.
bdnews24