করাচি, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রেকর্ডটা ছিল সনাৎ জয়াসুরিয়া আর রোশন মহানামার। শ্রীলঙ্কার এই দুই ক্রিকেটারকে নিশ্চয়ই পরিচয় করিয়ে দেয়ার দরকার নেই! কিন্তু কায়েদ-ই আজম ট্রফিতে ৫৮০ রান করে যে দুজন দ্বিতীয় উইকেটে প্রথম শ্রেনীর ক্রিকেটের বিশ্ব রেকর্ড গড়েছেন সেই রাফাতুল্লাহ্ মোহাম্মদ এবং আমের সাজ্জাদের পরিচয় না বললে ক'জনইবা চিনবেন তাদের?
হ্যাঁ, দুজনই পাকিস্তানের এবং সে দেশের প্রাচীনতম ঘরোয়া টুর্নামেন্টেই রোববার ওয়াপদার হয়ে সুই সাউদার্ন গ্যাস কর্পোরেশনের বিপক্ষে এ রেকর্ড গড়েছেন তারা। আমের সাজ্জাদ ২৮৯ রানে আউট হয়ে যাওয়ায় ৫৮০ রানেই ভেঙ্গে যায় জুটি। রাফাতুল্লাহ্ তখনো ৩০২ রানে অপরাজিত। প্রথম শ্রেনীর ক্রিকেটে দ্বিতীয় উইকেট জুটির বিশ্বরেকর্ডটি এতদিন লেখা ছিল জয়াসুরিয়া-মহানামার নামে। ১৯৯৭ সালে কলম্বোতে ভারতের বিপক্ষে ৫৭৬ রান করেছিলেন তারা।
দ্বিতীয় উইকেট জুটির রেকর্ডকে ৪ রান পেছনে ফেললেও রাফাতুল্লাহ্-সাজ্জাদ ৪৪ রানের জন্য যে কোনো উইকেটের জন্য কুমার সাঙ্গাক্কারা-মাহেলা জয়াবর্ধনের বিশ্বরেকর্ডটা ভাঙ্গতে পারেননি। ২০০৬ সালে কলম্বোতেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬২৪ রান তুলেছিলেন শ্রীলঙ্কার বর্তমান ও সাবেক অধিনায়ক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/০০১০ ঘ.
bdnews24