অ্যাডিলেড, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টেস্ট ক্রিকেটে নতুন আমদানি করা রিভিউ পদ্ধতির প্রতি বিরক্ত হয়ে আম্পায়ারিং ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করছেন মার্ক বেনসন।
অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ চলমান অ্যাডিলেড টেস্টে এ ইংরেজ আম্পায়ারের সিদ্ধান্ত রিভিউ পদ্ধতিতে ভুল প্রমাণিত হয়। এর জের ধরেই মর্মাহত বেনসন আম্পায়ারিং থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে সানডে টাইমস জানিয়েছে। শিবনারাইন চন্দরপলের বিপক্ষে কট বিহাইন্ডের আবেদন খারিজ করে দেন বেনসন। কিন্তু অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা থার্ড আম্পায়ারের দ্বারস্থ হন।
থার্ড আম্পায়ার আসাদ রউফ প্রথমে বেনসনের সিদ্ধান্তকেই সঠিক বলে রায় দেন। কিন্তু দ্বিতীয় বারের ভিডিও পর্যালোচনায় দেখা যায়, চন্দরপল (৬২) আসলেই আউট। অবশেষে সিদ্ধান্ত যায় অস্ট্রেলিয়ার পক্ষে। এ বিষয়টিই নাকি অসন্তুষ্ট করেছে বেনসনকে।
এর আগে রিভিউ পদ্ধতির প্রতি বিরক্ত এই আম্পায়ার ক্রিকইনফোকে বলেছিলেন," এটা আম্পায়ারিংকে আরও কঠিন করে দিচ্ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এসি/২২৩০ ঘ.
bdnews24