ওয়েলিংটন, ডিসেম্বর ০৫(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোহাম্মদ আসিফের মারাত্মক বোলিংয়ে ওয়েলিংটন টেস্টে বেকায়দায় পড়েছে নিউজিল্যান্ড। শনিবার সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে তাদের সংগ্রহ ৩ উইকেটে ৭০ রান। জয়ের জন্য আরও ৩৩৫ রান করতে হবে তাদের।
হার এড়াতে লড়ছেন রস টেলর ১৫* এবং পিটার ফুলটন ১২*।
মাত্র ১৯ রানের বিনিময়ে নিউজিল্যান্ডের তিনটি উইকেটই তুলে নেন পাক পেসার মোহাম্মদ আসিফ। টিম ম্যাকিনটসকে (২) লেগবিফোরের ফাঁদে ফেলে, মার্টিন গুপ্টিলকে (১৫) বোল্ড করে এবং ড্যানিয়েল ফ্লিনকে (২০) উইকেটরক্ষক কামরান আকমলের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান তিনি।
এর আগে পাকিস্তানের প্রথম ইনিংসে করা ২৬৪ রানের জবাবে নিউজিল্যান্ড ৯৯ রানে অলআউট হয়ে যায়। পাকিস্তান তাদের দ্বিতীয় ইনিংসে অধিনায়ক মোহাম্মদ ইউসুফের ৮৩ এবং উমর আকমলের ৫২ রানের উপর ভর করে ২৩৯ রান করে। ফলে জয়ের জন্য নিউজিল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ৪০৫ রান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/১৫০৬ ঘ.
bdnews24