অ্যাডিলেড, নভেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে ৪৫১ রান তুলেছে ক্যারাবীয়রা। প্রথম দিনের ৬ উইকেটে ৩৩৬ রানের ইনিংসটা শেষ পর্যন্ত সাড়ে চারশর ঘরে পৌচেছে ব্রেন্ডন ন্যাশ ও দিনেশ রামদিনের কল্যাণে। শেষ খবর পাওয়া পর্যন্ত চা বিরতির সময় প্রথম ইনিংসে কোন উইকেট না হারিয়ে ৬৬ রান তুলেছে রিকি পন্টিংয়ের দল।
অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় দিনের প্রথম বলেই ড্যারেন সামির উইকেটি হারায় ওয়েস্ট ইন্ডিস। সুলেমান বেনকে নিয়ে অষ্টম উইকেট জুটিতে ৪৪ রানের জুটি গড়েন ন্যাশ। ৫০ বলে ১৭ রান করা বেন হরিজের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ায় ভেঙ্গে যায় অষ্টম উইকেট জুটিটি। খেমার রোচ এসেই হাডিনের হাতে ক্যাচ দিয়ে সাজঘর মুখি হন। ১১ নম্বর ব্যাটসম্যান রবি রামপলকে নিয়ে এরপর ব্রেন্ডন ন্যাশের প্রতিরোধ শুরু হয়। ৯ দিন পরেই ৩২-এ পা দিতে যাওয়া ন্যাশ প্রথম দিনের ৪৪ রানের ইনিংসটিকে শেষ পর্যন্ত নিয়ে যান ৯২-এ। ন্যাশ ও রামপল শেষ উইকেট জুটিতে ৬৮ রান যোগ করেন যা একটি রেকর্ডও বটে। অস্ট্রেলিয়ার বিপক্ষে দশম উইকেট জুটিতে ওয়েস্ট ইন্ডিসের পক্ষে এটিই সর্বোচ্চ রান। ৩০ বছর আগে কলিন ক্রফট ও জোয়েল গার্নারের শেষ উইকেট জুটিতে গড়া ৫৬ রানের রেকর্ডটি তাই ঝরে গেছে পরিসংখ্যানের পাতা থেকে। তবে রামপলের পাশে ন্যাশকে ম্লান মনে হয়েছে। ৬৮ রানের জুটিতে রামপল একাই করেছেন ৪০ রান। ৬টি চার ও ২টি ছয়ে সাজানো ইনিংসে রামপল খেলেছেন ৭৫ টি বল। ন্যাশের আউট হওয়ায় মধ্য দিয়ে ৪৫১ রানে শেষ হয় ওয়েস্ট ইন্ডিসের প্রথম ইনিংস। ব্রিসবেনের প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে পরাজিত ওয়েস্ট ইন্ডিসের জন্য দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসটি তাই এক অর্থে বেশ ভালোই হল।
ওয়েস্ট ইন্ডিসের শেষের মত অস্ট্রেলিয়ার শুরুটাও হয়েছে দুর্দান্ত । চা বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত দুই ওপেনার মিলে তুলেছেন ১৭৪ রান। ওয়াটসন ৯৬ ও ক্যাটিচ ৭১ রানে ব্যাট করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/ ১৫১০ঘ.
bdnews24