ব্রিসবেন, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন শেষে সাইমন ক্যাটিচ, রিকি পন্টিং ও মাইক হাসির ফিফটির সুবাদে ৫ উইকেটে ৩২২ রান করেছে অস্ট্রেলিয়া। এর মধ্যে সাইমন ক্যাটিচ আউট হয়েছেন ৯২ রান করে।
ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে বৃহস্পতিবার টস জিতে ব্যাট করতে নেমেই শেন ওয়াটসনের উইকেট হারায় অস্ট্রেলিয়া। স্কোর বোর্ডে তখনও কোনো রান জমা হয়নি। তবে দ্বিতীয় উইকেটে ১২৬ রান তুলে প্রাথমিক বিপদ সামাল দেন সাইমন ক্যাটিচ ও অধিনায়ক রিকি পন্টিং। ১২১ বল খেলে কেমার রোচের বলে রামদিনের হাতে ধরা পড়ার আগে পন্টিং করেন ৫৫। এরপর মাইক হাসির সঙ্গে জুটি বেঁধে ৭৪ রান তুলে দলের অবস্থা আরো সুসংহত করেন ক্যাটিচ। মাইক হাসি আউট হন ৬৬ রান করে। ডোয়াইন ব্রাভোর বলে উইকেটের পেছনে রামদীনের ক্যাচ হওয়ার আগে ক্যাটিচ ৯২ রান করেন ১৩টি চার ও একটি ছক্কার সহায়তায়।
পরে মাইকেল ক্লার্ক ৪১ রান করে আউট হলেও দিন শেষে অপরাজিত রয়েছেন মার্কাস নর্থ (৪২*) ও ব্র্যাড হ্যাডিন (৯*)।
ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ডোয়াইন ব্রাভো, ৬৬ রানে ২ উইকেট পেয়েছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসি/১৮৪৫ ঘ.
bdnews24