২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রাবিড় ডিঙালেন বোর্ডারকে

রাহুল দ্রাবিড়ের ১৪৪ রানের ইনিংসে ভর করে শ্রীলঙ্কার বিপক্ষে কানপুর টেস্টের দ্বিতীয় দিন মধ্যাহ্ন বিরতির আগে স্বাগতিক ভারতের সংগ্রহ ৪ উইকেটে ৫৩৫।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2009, 09:18 AM

Updated : 26 Aug 2022, 12:24 PM

কানপুর, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রাহুল দ্রাবিড়ের ১৪৪ রানের ইনিংসে ভর করে শ্রীলঙ্কার বিপক্ষে কানপুর টেস্টের দ্বিতীয় দিন মধ্যাহ্ন বিরতির আগে স্বাগতিক ভারতের সংগ্রহ ৪ উইকেটে ৫৩৫। ভিভিএস লক্ষ্মণ ২৪ এবং যুবরাজ সিং ১৩ রানে ব্যাট করছেন। ৮৫ রানে অপরাজিত থাকা দ্রাবিড় এদিন সকাল থেকে দারুণ সব শট খেলতে থাকেন। সেই সঙ্গে চিরাচরিত রক্ষণাত্মক স্বভাব ভেঙ্গে আক্রমণাত্মক খেলে সকালেই ক্যারিয়ারের ২৮তম শতকের দেখা পান, ১৭২ বল খেলে। দ্রাবিড় (১১১৮২রান) রান আউট হওয়ার আগে অ্যালান বোর্ডারকে (১১১৭৮ রান) পিছনে ফেলে টেস্ট ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটসম্যানদের তালিকায় চার নম্বরে পৌঁছেন। তালিকায় দ্রাবিড়ের আগে আছেন রিকি পন্টিং (১১৩৪৫), ব্রায়ান লারা (১১৯৫৩) ও শচীন টেন্ডুলকার (১২৯১৭)। সফরকারী শ্রীলঙ্কার বোলাররা এদিনও কানপুরের উইকেট থেকে বাড়তি কোনও সুবিধা পাননি। তবে শচীন টেন্ডুলকারকে ৪০ রানে সাজঘরে ফিরিয়ে সকালের প্রথম সাফল্য কাড়েন অজন্তা মেন্ডিস। মেন্ডিসকে তুলে মারতে গিয়ে সামারাবিরার তালুবন্দি হন টেন্ডুলকার। দলীয় ৫১১ রানের সময় সাজঘরে ফিরেন রাহুল দ্রাবিড়। লক্ষ্মণের স্ট্রেইট ড্রাইভটি বোলার রঙ্গনা হেরাথের হাত ছুঁয়ে স্টাম্পে লাগলে নন- স্ট্রাইক এন্ড ছেড়ে পা বাড়ানো দ্রাবিড় দুর্ভাগ্যজনকভাবে রানআউট হন। কানপুর টেস্টের প্রথম দিন ভারতের পক্ষে শতক হাঁকান রীরেন্দর শেবাগ ও গৌতম গম্ভীর। কানপুরের উইকেটে দিন গড়ানোর সঙ্গে বল ঘুরে বেশি। বিশ্বসেরা স্পিনার মুত্তিয়া মুরালিধরন ধীরে ধীরে ছন্দ ফিরে পাচ্ছেন। দ্বিতীয় দিন মুরালির বলও লাফিয়ে উঠছে খানিকটা। তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি আহমেদাবাদে অমীমাংসিতভাবে শেষ হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/জিএনএ/১৫১৩ ঘ.