ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা প্রিমিয়ার ক্রিকেটে বুধবার জয় পেয়েছে ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস)।
সপ্তম রাউন্ডের খেলায় খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে ৫ উইকেটে হারিয়েছে তারা। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৩৭.৪ ওভারে অল-আউট হওয়ার আগে ১০৫ রান করতে পারে খেলাঘর। সিরাজুল খাদেম ও রিফাতুজ্জামান অভি দুটি করে উইকেট নেন। জবাবে তাপস ঘোষের হার না মানা ৫৩ রানের সুবাদে ৩২.৫ ওভারে ৫ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে সিসিএস।
বিকেএসপিতে মাঠ ভেজা থাকায় মঙ্গলবার এই ম্যাচটি হতে পারেনি।
ওদিকে, ঢাকা প্রিমিয়ার ক্রিকেটের অষ্টম রাউন্ডের খেলা একদিন পিছিয়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন ক্রিকেট কমিটি। ২০ নভেম্বর হবে অষ্টম রাউন্ডের খেলা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/১৯৪২ ঘ.
bdnews24