২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাউন্টি ক্রিকেটে খেলবেন সাকিব

প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে কাউন্টি ক্রিকেটে খেলতে যাচ্ছেন সাকিব আল হাসান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2009, 11:33 AM

Updated : 26 Aug 2022, 12:23 PM

ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে কাউন্টি ক্রিকেটে খেলতে যাচ্ছেন সাকিব আল হাসান। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট ক্লাব ওরস্টারশায়ারের সঙ্গে চুক্তি করেছেন এ সাড়া জাগানো অলরাউন্ডার। ওরস্টারশায়ার তাদের বিদেশি খেলোয়াড়ের কোটায় চুক্তিবদ্ধ করেছে বাংলাদেশের অধিনায়ককে। এক টেলিফোন সাক্ষাৎকারে সাকিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তার প্রতিক্রিয়া জানিয়ে বলেন, " কাউন্টি ক্রিকেটে খেলার সুযোগ পেয়ে ভীষণ খুশি। তবে আমার মূল দায়িত্ব হচ্ছে ওখানে গিয়ে ভালো খেলা। যাতে আমার ভালো খেলা দেখে ওরা বাংলাদেশের অন্যান্য ক্রিকেটারের প্রতিও আগ্রহী হয়ে ওঠে।" ভিসার ব্যাপার মিটে গেলে আগামী বছর জুনে বাংলাদেশের ইংল্যান্ড সফর শেষেই সাকিব তার কাউন্টি দলে যোগ দেবেন। ওরস্টারশায়ারের ক্রিকেট পরিচালক স্টিভ রোডস নিজেও সাকিবের মতো বিশ্বসেরা অলরাউন্ডারকে দলে টানতে পেরে ভীষণ আনন্দিত। ক্রিকইনফোকে রোডস বলেন," কিছুদিন ধরেই সাকিবের উন্নতি লক্ষ্য করছিলাম। সে যে একজন খুব ভালো ক্রিকেটার তা পরিষ্কার। তার বর্তমান র‌্যাঙ্কিংও সে কথাই বলে। তাছাড়া সাফল্যের জন্য ও মরিয়া। ওর অলরাউন্ড নৈপুণ্য আমাদের তরুণ এই দলটির জন্য মৌসুম শেষে ভালো ফলই বয়ে আনবে।" সাকিবের হয়ে ওরস্টারশায়ারের সঙ্গে যোগাযোগের দায়িত্ব পালন করেন সাকিবের এজেন্ট রব অ্যাশওয়েল। ইয়ান বোথাম, ইমরান খান এবং কপিল দেবের মতো বিখ্যাত ক্রিকেটাররা খেলেছেন ওরস্টারশায়ারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এএমএইচ/এসকে/১৭২৮ঘ.