২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রনি তালুকদারের সেঞ্চুরিতে আবাহনী এখনো জয়ের ধারায়

ঢাকা প্রিমিয়ার ক্রিকেটে সপ্তম রাউন্ডের খেলায় সোমবার জয় পেয়েছে আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ও গাজী ট্যাংক ক্রিকেটার্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2009, 03:05 PM

Updated : 26 Aug 2022, 12:22 PM

ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা প্রিমিয়ার ক্রিকেটে সপ্তম রাউন্ডের খেলায় সোমবার জয় পেয়েছে আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ও গাজী ট্যাংক ক্রিকেটার্স। আবাহনী ১৭০ রানে হারিয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে। ফতুল্লাহ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে দুই উদ্বোধনী ব্যাটসম্যান রনি তালুকদার ১২০ ও ইমরুল কায়েস ৫৯ রান করায় ৮ উইকেটে ৩০৩ রানের বড় সংগ্রহ পায় আবাহনী। জবাবে ৪২.৫ ওভারে ১৩৩ রানে অল-আউট হয়ে যায় পারটেক্স। আবাহনীর আরাফাত সানি ৩ টি, শুভাশিস রায় ও মোহাম্মদ রফিক দুটি করে উইকেট নেন। ওদিকে টানটান উত্তেজনার ম্যাচে মোহামেডান ১ রানে হারিয়েছে বিমান বাংলাদেশকে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৯ উইকেটে ২৩৪ রান তোলে মোহামেডান। আফতাব আহমেদ ৬২, অধিনায়ক খালেদ মাসুদ ৪৯ ও মার্শাল আইয়ুব ৪৬ রান করেন। এর জবাব দিতে গিয়ে ইনিংসের শেষ বল পর্যন্ত লড়াই চালিয়ে যায় বিমান। জয়ের জন্য শেষ বলে দরকার ছিল ৬ রান। কিন্তু শেষ উইকেট জুটিতে এক বলে চার রান তুলতে পারে তারা। দুই বিদেশি অভিষেক মিত্র ৬১ ও জিহান মুবারক ৬০ রান করে জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন বিমানকে। গাজী ট্যাংক ক্রিকেটার্স ৬ রানে হারিয়েছে সূর্য্যতরুণ ক্লাবকে। বিকেএসপি মাঠে অল-আউট হওয়ার আগে ১৭৪ রান করে গাজী ট্যাংক। নাজিমুদ্দিনের ব্যাট থেকে আসে ৫২ রান। ৩ টি উইকেট নেন সানজামুল ইসলাম। জবাবে ১৬৮ রানে গুটিয়ে যায় সূর্য্যতরুণ। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন ইমতিয়াজ হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২১০২ ঘ.