দুবাই, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ওয়ানডে সিরিজ হারার পর প্রতিশোধের প্রথম সুযোগ। আর দু ম্যাচের টোয়েন্টি টোয়েন্টি সিরিজের প্রথমটিতে সে সুযোগ ভালোভাবেই কাজে লাগিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার ইমরান নাজিরের ঝড়ো ব্যাটিং আর আফ্রিদি, আমের, সাঈদ আজমল আর রাজ্জাকের চমৎকার বোলিংয়ে নিউজিল্যান্ডকে ৪৯ রানে হারিয়েছে তারা।
টস হেরেছিলেন আফ্রিদি। তবে তাতে দুশ্চিন্তায় পড়তে হয়নি তাকে, কেননা ম্যাককালাম ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলে ঝলসে ওঠে ইমরান নাজিরের ব্যাট। তার ৩৮ বলে ৫টি চার ও ৪টি ছক্কায় ৫৮, আফ্রিদির ১৬ বলে ২৪ আর রাজ্জাকের ১৫ বলে হার না মানা ২৬ রানের সুবাদে ৮ উইকেটে ১৬১ রান তুলে ফেলে পাকিস্তান। সাউদি ২৮ রানে ৩ এবং শেন বন্ড ১৭ রানে ২ উইকেট নেয়ায় নিউজিল্যান্ডের জয়ের লক্ষ্যটা আর বড় হতে পারেনি। হলে পরাজয়ের ব্যবধান আরো বড় হতো। সেরকমটি ধরে নিতেই হচ্ছে, কারণ, ১৬২ রানের লক্ষ্য তাড়া করতে গিয়েই ১৮ দশমিক ৩ ওভারে মাত্র ১১২ রানে অলআউট হয়ে গেছে নিউজিল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ২২ রানের ইনিংস খেলেন দু'জন, ওয়াটলিং এবং নাথান ম্যাককালাম। মোহাম্মদ আমের, আব্দুল রাজ্জাক, শহীদ আফ্রিদি এবং সাঈদ আজমল -- প্রত্যেকেই পেয়েছেন দুটি করে উইকেট। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ইমরান নাজির।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/১৪৪৩ ঘ.
bdnews24