২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাককুলামের সেঞ্চুরিতে সিরিজে সমতা ফেরাল নিউজিল্যান্ড

ব্রেন্ডন ম্যাককুলামের দুরন্ত সেঞ্চুরির পর বল হাতে স্কট স্টাইরিস তিন উইকেট তুলে নিলে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি ৬৪ রানে জিতে সিরিজে ১-১ এ সমতা এনেছে নিউজিল্যান্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2009, 07:57 AM

Updated : 26 Aug 2022, 12:19 PM

আবুধাবি, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ব্রেন্ডন ম্যাককুলামের দুরন্ত সেঞ্চুরির পর বল হাতে স্কট স্টাইরিস তিন উইকেট তুলে নিলে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি ৬৪ রানে জিতে সিরিজে ১-১ এ সমতা এনেছে নিউজিল্যান্ড। শুক্রবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নেওয়া নিউজিল্যান্ড ব্রেন্ডন টেলরের ১৩১ রানের ইনিংসের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৩ রানের পাহাড় গড়ে। ১৪টি চার এবং ৩টি ছক্কার মারে ১২৯ বল খেলে তিনি এ রান সংগ্রহ করেন। এছাড়াও নিউজিল্যান্ডের পক্ষে মার্টিন গুপ্টিল ৬২, অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি ৩০ এবং জ্যাকব ওরাম ৩৩* রান করেন। পাকিস্তানের পক্ষে উমর গুল, আব্দুর রাজ্জাক এবং শহীদ আফ্রিদি ২টি করে উইকেট পান। জবাব দিতে নেমে ভালোই শুরু করেছিল পাকিস্তান। সালমান বাট (৫৯) এবং খালিদ লতিফ (৪৫) মিলে উদ্বোধনী জুটিতে মাত্র ১৬ ওভারে ৭৭ রান তোলেন। কিন্তু এরপরেই স্টাইরিশ এসে পাকিস্তানের মিডল অর্ডারে ধস নামিয়ে দেন। মাত্র ১০ রানের মধ্যে পাকিস্তানের ৪ উইকেট পড়ে যায়। ব্যক্তিগত ১৯ রানে ইউনিস খান স্টাইরিশের প্রথম শিকারে পরিণত হন। তাকে মিডউইকেটে রস টেলরের তালুবন্দি করান স্টাইরিশ। পরের বলেই শহীদ আফ্রিদিকে তিনি শূন্য রানে সাজঘরে ফেরান। আর পরের ওভারে এসে তুলে নেন কামরান আকমলের (৪) উইকেটটি। কিছুক্ষণ পরে সালমান বাট চুরি করে সিঙ্গেলস নিতে গেলে রানআউট হয়ে যান। ফলে পাকিস্তান ৩০.৩ ওভারে ১৩৪ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে। ভেট্টরি এসে লতিফ ও মোহাম্মদ ইউসুফকে (৪৫) লেগ বিফোরের ফাঁদে ফেলে ম্যাচ নিজেদের দিকে টেনে নেন। তবে শোয়েব মালিক (২৬) এবং আব্দুর রাজ্জাক (৩৫) পরাজয়ের ব্যবধান কমান। পাকিস্তান শেষ পর্যন্ত ৪৭.২ ওভারে ২৩৯ রানে অলআউট হয়ে যায়। স্টাইরিশ ৩টি, ভেট্টরি ও কাইল মিলস ২টি করে উইকেট নেন। একটি করে উইকেট নেন শেন বন্ড ও গ্র্যান্ট সউদি। সংক্ষিপ্ত স্কোর: নিউজিল্যান্ড: ৩০৩/৮(ম্যাককুলাম ১৩১, গুপ্টিল ৬২, ওরাম ৩৩*; আফ্রিদি ২/৪৯, গুল ২/৫৯, রাজ্জাক ২/৬০) পাকিস্তান: ২৩৯ (বাট ৫৯, লতিফ ৪৫, রাজ্জাক ৩৫; স্টাইরিশ ৩/২৩, ভেট্টরি ২/৩৭, মিলস ২/৫৭) ম্যান অব দ্য ম্যাচ: ব্রেন্ডন ম্যাককুলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/১৩৩৮ ঘ.