হায়দ্রাবাদ, নভেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়ার বিপক্ষে পঞ্চম ম্যচটিকে হাতের মুঠোয় নিয়ে এসেও ভারতকে জয় উপহার দিতে পারেননি শচীন টেন্ডুলকার। কিন্তু তাতে কি! টেস্ট ও ওয়ানডের সর্বোচ্চ রানের মালিক তারপরও ক্রিকেটীয় দৃষ্টিভঙ্গী থেকে মনে করেন, এটি তার ক্যারিয়ারের সেরা ইনিংসগুলোর অন্যতম।
এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে টেন্ডুলকার বলেছেন, "৩৫১ রানের রানের লক্ষ্য তাড়া করার অর্থই হলো সবসময় চাপের মধ্যে থাকা। কিন্তু আমি যেভাবে চাচ্ছিলাম সেভাবেই বল মারতে পারছিলাম। তাই এটি আমার সেরা ইনিংসগুলোর অন্যতম। তবে দুঃখজনক ব্যাপার হলো, ইনিংসটি শেষ হয়েছে হতাশা দিয়ে।"
৩৫১ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে টেন্ডুলকার যেভাবে খেলছিলেন তাতে মনে হচ্ছিল ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের রেকর্ড ভেঙ্গে দলকে উপহার দিতে যাচ্ছেন অবিস্মরণীয় এক জয়। কিন্তু ৪৮তম ওভারে ডেবুট্যান্ট ক্লিন্ট ম্যাককের স্লোয়ারের মারতে গিয়ে ক্যাচ তুলে দেন নাথান হরিৎজের হাতে। জয়ের জন্য তখন ভারতের প্রয়োজন ১৭ বলে ১৯ রান। হাতে ৩ উইকেট। তারপরও ভারতের ইনিংস থেমে যায় ৩৪৭ রানে।
১৪১ বলে ১৭৫ রান করার পথে আরেকটি মাইলফলকেও পা রেখেছেন শচীন রমেশ টেন্ডুলকার। ৭ রান করার সঙ্গে সঙ্গেই বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে পূর্ণ করেন ১৭ হাজার রান। ওয়ানডেতে এখন তার মোট রান ১৭ হাজার ১৬৮। টেস্ট ও ওয়ানডের সর্বোচ্চ সেঞ্চুরির মালিক তার ৪৫ তম সেঞ্চুরির ইনিংসের সঙ্গে আর ১২ রান যোগ করলে নিজেকে ছাড়িয়ে যাওয়ার আরেকটি সুযোগ পেতেন, সেক্ষেত্রে তার সর্বোচ্চ ইনিংসটি (১৮৬*) হয়ে যেতো দ্বিতীয় সেরা। তা পারলে অবশ্য ভারতকেও হয়তো মাত্র ৩ হারার হতাশা নিয়ে মাঠ ছাড়তে হতো না।
এদিকে ওয়ানডেতে ১৭ হাজার রান পূর্ণ করায় টেন্ডুলকারকে অভিনন্দন জানিয়েছেন ভারতীয় দলে তার এক সময়ের সতীর্থ ও অধিনায়ক সৌরভ গাঙ্গুলী, বলেছেন, "এটি খুব মনে রাখার মতো অর্জন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসি/১৮৫৫ ঘ.
bdnews24