হায়দ্রাবাদ, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তীব্র উত্তেজনাপূর্ণ ম্যাচে বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার ৩৫০ রান তাড়া করতে গিয়ে ৩ রানে হেরে গেছে স্বাগতিক ভারত, শচীন টেন্ডুলকারের ১৭৫ রানের পরও। এই হারকে মানসিক লড়াইয়ে পরাজয় হিসেবে দেখছেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
মারকুটে এই ব্যাটসম্যান বলেন, "একে একে সব বাধা টপকে আমরা জয়ের খুব কাছাকাছি চলে এসেছিলাম। কিন্তু শেষ বাধা টপকানোর জন্য একটা দল হিসেবে যা করা উচিত, আমরা তা করতে পারিনি।"
এর কারণও ব্যাখ্যা করেন তিনি, মেধা নয়, পুরো বিষয়টিই মানসিক। বড় শট খেলার ক্ষমতা ভারতীয় ব্যাটসম্যানদের আছে। প্রয়োজনের সময় সেটিই করতে হবে। আসল কথা গতি সঙ্গে তাল মিলিয়ে খেলা।"
তিনটি ক্যাচ ফেলে দেয়ার পাশাপাশি নিজেদের অনভিজ্ঞ বোলারদেরও দুষলেন ভারতীয় অধিনায়ক। অস্ট্রেলীয় ব্যাটসম্যান শন মার্শ তার প্রথম সেঞ্চুরি করার পথে দু'বার জীবন পান, ২৯ ও ৫১ রানে। শেন ওয়াটসনেরও ক্যাচ ফেলে দেন ভারতীয় ফিল্ডাররা।
মিডল-অর্ডার ব্যাটসম্যান হিসেবে নিজের সমালোচনা করতেও ছাড়েননি ধোনি, "আমি নিজে, গৌতি (গৌতম গম্ভীর), যুবরাজ, খুব তাড়াতাড়ি আউট হয়ে গেছি।"
ভারতীয় দল ৩৫০ রানের পাহাড় তাড়া করে প্রায় ঘাটে এসে পৌছেছিল, শুধু মাত্র শচীন টেন্ডুলকারের ১৪৭ বলে ১৭৫ রানের আক্রমণাত্মক ইনিংসের কারণে। শচীনের বিদায়ের পর জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ১৭ বলে ১৯। কিন্তু শেষ তিন ব্যাটসম্যান এই রানও করতে পারেননি।
টেন্ডুলকারের ইনিংসের প্রশংসা করতেও অবশ্য ভোলেন ধোনি। বলেন, "কী দারুণ ইনিংস খেলেছেন তিনি (টেন্ডুলকার)। ম্যাচেও জিইয়ে রেখেছিলেন আমাদের। যদি দেখতাম জয়ের রানটা এসেছে তার ব্যাট থেকে তাহলে খুবই ভালো লাগতো। কিন্তু তিনি তা করার জন্য সেখানে ছিলেন না। এটা সত্যিই হৃদয়বিদারক।"
সাত ম্যাচের সিরিজে ৩-২ এ এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/টিআর/১৫২১ ঘ.
bdnews24