২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উইকেট নিয়ে বিরক্ত জেমি সিডন্স

খেলা শেষ হতে না হতেই উইকেটটা খুটিয়ে খুটিয়ে দেখলেন কোচ জেমি সিডন্স। কিউরেটর বেলাল আহমেদকেও ডেকে নিলেন। পুরো পিচের এক প্রান্ত থেকে অপর প্রান্ত অনেকটা সময় নিয়ে দেখার পর একটু বিরক্তি নিয়েই মাঠ ছাড়লেন। কিউরেটরের কাছ থেকে জানা গেল, এমন উইকেট আশা করেননি কোচ, তাই তিনি কিছুটা হতাশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2009, 10:55 AM

Updated : 26 Aug 2022, 12:18 PM

ঢাকা, নভেম্বও ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খেলা শেষ হতে না হতেই উইকেটটা খুটিয়ে খুটিয়ে দেখলেন কোচ জেমি সিডন্স। কিউরেটর বেলাল আহমেদকেও ডেকে নিলেন। পুরো পিচের এক প্রান্ত থেকে অপর প্রান্ত অনেকটা সময় নিয়ে দেখার পর একটু বিরক্তি নিয়েই মাঠ ছাড়লেন। কিউরেটরের কাছ থেকে জানা গেল, এমন উইকেট আশা করেননি কোচ, তাই তিনি কিছুটা হতাশ। অথচ ম্যাচের আগের দিন (রোববার) জেমি সিডন্স নিশ্চিন্তে বলেছিলেন, চিরাচরিত ব্যাটিং উইকেটই হয়েছে চট্টগ্রামে। সোমবার সকালে খেলা শুরুর পরই বোঝা যায় সে অনুমান কত ভুল ছিল। তার উইকেট-জ্ঞান নিয়ে প্রশ্ন উঠলে কী জবাব দেবেন সিডন্স? সে কারণেই বোধহয় ম্যাচ শেষে পিচ পর্যবেক্ষণে নেমেছিলেন। সেখানেও কোনো কুল- কিনারা না পেয়ে বিরক্তি প্রকাশ করলেন,"এটা উইকেট না কী হয়েছে আমি বুঝতে পারছি না। কিউরেটর (বেলাল আহমেদ) তো আমাকে অন্যরকম বলেছিল! খুব খারাপ কিছু হয়ে যেতে পারতো।" কোচের শঙ্কা আসলে বাংলাদেশ কেন্দ্রিক। আগে ব্যাট করলে জিম্বাবুয়ের মতো অবস্থা তো তার দলেরও হতে পারতো! কোচের মুখ দেখে মনে হয়েছে ভালোয় ভালোয় ম্যাচ জেতায় এ যাত্রা বড্ড বাঁচা বেঁচে গেছেন। কিউরেটর বেলাল আহদেরও ধারণা ছিল উইকেটে অসম বাউন্স থাকলেও ব্যাটসম্যানরা রান পাবেন। কিন্তু কোথায় কী, পিচ বিশেষজ্ঞকেও হেরে যেতে হলো...! এ নিয়ে জানতে চাইলে বেলাল আহমেদ বলেন,"বাউন্স তো একটু ছিলই। কিন্তু স্পিন কেন এতটা টার্ন করলো বুঝতে পারছি না।" যখন জানতে চাওয়া হলো তিনি কি এমন উইকেটই চেয়েছিলেন, প্রশ্নটা এড়িয়ে গেলেন কিউরেটর, 'আমাদের তো মিডিয়ার সঙ্গে কথা বলা নিষেধ।' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/১৬৫৩ ঘ.